ঢাকায় প্রতিদিন ৫০ কোটি লিটার পানি অপচয় হয়, বললেন ওয়াসা’র এমডি
Sunday, 17 July 2022
ঢাকা ওয়াসা’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান বলেছেন, রাজধানীতে প্রতিদিন ৫০ কোটি লিটার পানি অপচয় হয়।
তিনি বলেন, এই অপচয় না হলে ঢাকা ওয়াসা আরও কম দামে পানি সরবরাহ করতে পারত এবং আরও ১০ লাখ থেকে ৩০ লাখ লোককে পানি দেওয়া যেত। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
রোববার সোনারগাঁও হোটেলে ঢাকা ওয়াসার ‘এলাকাভিত্তিক পানির মূল্য নির্ধারণ বিষয়ক টেকনিক্যাল স্টাডির (কারিগরি গবেষণা) ফলাফল’ অনুষ্ঠানে তাকসিম বলেন, “ঢাকা শহরে প্রতিদিন ২১০ কোটি থেকে ২৫০ কোটি লিটার পানি ব্যবহার হয়। আপনারা জেনে আশ্চর্য হবেন যে এর মধ্যে ৫০ কোটি লিটার পানিই অপচয় হয়।
“এই পানি অপচয় না হলে বিল আরও কম আসত। এই ৫০ কোটি লিটার পানি দিয়ে আরও ১০ লাখ থেকে ৩০ লাখ লোককে পানি দিতে পারতাম।”
রাজধানীর বাসিন্দাদের পানি সরবরাহকারী সংস্থা ঢাকা ওয়াসার তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি ১ হাজার লিটার পানি উৎপাদনে ব্যয় হয় ২৫ থেকে ২৬ টাকা। আবাসিক গ্রাহকদের কাছে ১ হাজার লিটার পানি ১৫ টাকা ১৮ পয়সায়, আর বাণিজ্যিক গ্রাহকদের কাছে ৪২ টাকায় বিক্রি করা হয়।