logo

ঢাকার শেওড়াপাড়ায় গুলিতে যুবক আহত

এফই অনলাইন ডেস্ক | Friday, 3 December 2021


রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় মধ্যরাতে এক মোটরসাইকেল আরোহীকে পেছন থেকে গুলি করা হয়েছে।

গুলিবদ্ধ সজীব হোসেন লিংকনের বয়স ২৭ বছর। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কাফরুল থানার ওসি হাফিজুর রহমান জানিয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

লিংকনের বাবা জিয়াউল হক ঢাকা মেডিকেলে সাংবাদিকদের বলেছেন, তার ছেলে জমি কেনা-বেচার কাজে মধ্যস্থতা করতেন। ওই সংক্রান্ত কোনো বিরোধ থেকেই লিংকনকে হত্যার চেষ্টা হয়েছে বলে তার ধারণা।

লিংকনদের বাসা পূর্ব শেওড়াপাড়ায়। বৃহস্পতিবার রাত ১২টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরে গ্যারেজে ঢোকার সময় তিনি আক্রান্ত হন।

ওসি হাফিজুর রহমান বলেন, “পেছন থেকে অন্য এক মোটরসাইকেল আরোহী লিংকনকে গুলি করে। তার পিঠে ও পায়ে গুলির চিহ্ন রয়েছে।

এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে জানিয়ে ওসি বলেছেন, অপরাধীকে গ্রেপ্তারে ইতোমধ্যে পুলিশ কাজ শুরু করেছে।