logo

ডাচ-বাংলার এটিএমে টাকা মিলবে না ৩ দিন 

এফই অনলাইন ডেস্ক   | Thursday, 5 May 2022


কারিগরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের জন্য ডাচ-বাংলা ব্যাংকের এটিএম/সিআরএম সেবা তিন দিন বন্ধ থাকবে; ফলে এই তিন দিন গ্রাহকরা এটিএম বুথে গিয়ে টাকা তুলতে বা জমা দিতে পারবেন না।  

ডাচ-বাংলা ব্যাংকের ফেইসবুক পেইজে এক ‘ডাউনটাইম নোটিসে’ জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে রোববার রাত ১২টা পর্যন্ত গ্রাহকরা এসব সেবা পাবেন না।  খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

এ ছাড়া বৃহস্পতিবার মধ্যরাত থেকে শনিবার দুপুর ১২টার পর্যন্ত ৩৬ ঘণ্টা ডাচ-বাংলা ব্যাংকের পিওএস সেবাও বন্ধ থাকবে। অর্থাৎ এই সময়ে গ্রাহকরা কেনাকাটা করে ডাচ-বাংলা ব্যাংকের পিওএস মেশিনে কার্ড ব্যবহার করে দাম পরিশোধ করতে পারবেন না। 

এই ব্যাংকের ই-কমার্স এবং রকেট অ্যাড মানি বন্ধ থাকবে ২৪ ঘণ্টা। বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত গ্রাহকরা এ সেবা পাবেন না। 

নেক্সাস ডেবিট, ভিসা ডেবিট, মাস্টারকার্ড ডেবিট, এনপিএসবি ফান্ড স্থানান্তর, আউটওয়ার্ড রেমিটেন্স সেবা ১৮ ঘণ্টা অর্থাৎ বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। 

এ ছাড়া মাস্টারকার্ড ক্রেডিট সেবা বন্ধ থাকবে ১২ ঘণ্টা। বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে এ সেবা বন্ধ থাকবে, খুলবে শুক্রবার দুপুর ১২টা পর।  

গত ২৭ এপ্রিল ডাচ-বাংলা ব্যাংকের ফেইসবুক পেজে এ নোটিস জানিয়ে গ্রাহকদের সতর্ক করেছিল কর্তৃপক্ষ। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয় ওই নোটিসে।