ডাকে পিস্তল যার নামে এসেছে, তাকে গ্রেপ্তার
এফই অনলাইন ডেস্ক | Tuesday, 22 February 2022
বৈদেশিক ডাকে ইতালি থেকে আসা চালান থেকে দুটি এইট এমএম পিস্তল উদ্ধারের ঘটনায় এর প্রাপককে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
গ্রেপ্তার মজুমদার কামরুল হাসান (৪০) চট্টগ্রাম নগরীর সিজিএস কলোনি এলাকার বাসিন্দা।
ইতালি থেকে রাজীব বড়ুয়া নামে এক ব্যক্তির পাঠানো পার্সেলটি আগ্রাবাদের আয়কর বিভাগের কর্মচারী কামরুলের ঠিকানায় পাঠানো হয়েছিল।
সোমবার রাত ১১টার দিকে নগরীর হালিশহর এলাকায় শ্বশুরবাড়িতে আত্মগোপন করে থাকা অবস্থায় কামরুলকে গ্রেপ্তার করা হয় বলে জানান নগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার আরিফ হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক ইতালি থেকে আসা গৃহস্থালি পণ্যের চালান থেকে উদ্ধার করা পিস্তলের গন্তব্য ছিল কামরুলের সিজিএস কলোনির ঠিকানা। বন্দর থানার অনুরোধে হালিশহর থানাধীন আই ব্লকের ৬ নম্বর রোডের খালপাড় এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।”
কামরুলকে রাতেই বন্দর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
রোববার পার্সেলে পিস্তল আসার খবর জানাজানি হওয়ার পর কামরুল শ্বশুর বাড়িতে গিয়ে লুকিয়ে ছিলেন বলে জানান আরিফ।
রোববার দুপুরে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ ইতালি রোম থেকে বৈদেশিক ডাকে আসা চালান পরীক্ষা করে গৃহস্থালি পণ্যের ভেতর চারটি পিস্তল ও ৬০ রাউন্ড কার্তুজ পায়। দুটি পিস্তল খেলনা হলেও দুটি ছিল আসল।
এ ঘটনার পর প্রেরক রাজিব বড়ুয়া ও প্রাপক কামরুল হাসানের বিরুদ্ধে বন্দর থানায় কাস্টমস কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে।