ঠিকানাই পায়নি থানা, গ্রেপ্তার করে পিবিআই বলছে সে হত্যারও আসামি
এফই অনলাইন ডেস্ক | Saturday, 5 February 2022
ঠিকানা খুঁজে না পাওয়ায় মাদকের এক মামলা থেকে দুই আসামিকে অব্যাহতি দিয়েছিল ঢাকার চকবাজার থানা পুলিশ। তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানতে পেরেছে, তাদের একজন হত্যা মামলারও আসামি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
গ্রেপ্তার দুজন হলেন সিরাজুল ইসলাম ওরফে মন্টু শেখ (৪০) এবং মো. সালাম (৩১)। মন্টুকে বৃহস্পতিবার বিকালে এবং সালামকে গত ২৫ জানুয়ারি গ্রেপ্তার করে।
পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) অঞ্চলের পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, গ্রেপ্তার দুজনের মধ্যে মন্টু শেখ একটি মাদক মামলার দণ্ডিত আসামি। তার নামে একটি হত্যা মামলাও রয়েছে।
গতবছর ২১ ফেব্রুয়ারি ঢাকার চকবাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩৭৫ বোতল ফেনসিডিলসহ চান মিয়া নামে একজনকে গ্রেপ্তার করে র্যাব। সে সময় দুইজন পালিয়ে যায়। পরে চান মিয়া জানায়, ওই দুই জনের নাম সিরাজুল ইসলাম মন্টু ও মো. সালাম বলে জানায়।
ওই ঘটনায় চকবাজার থানায় মামলা করার পর থানা পুলিশ দুই মাস ছয়দিন তদন্ত করে। কিন্তু মন্টু ও সালামের ঠিকানা না পাওয়ায় কথা জানিয়ে তাদের অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়ে গত বছরের ১ এপ্রিল শুধু চান মিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা।
আদালত সেই অভিযোগপত্র গ্রহণ না করে ওই বছরের ৩ মে মামলাটি পুনরায় তদন্ত করতে পিবিআইকে দায়িত্ব দেয়।