logo

টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবকে ছাড়া প্রথমবার মাঠে নামল বাংলাদেশ

Tuesday, 2 November 2021


টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে এই প্রথমবার সাকিব আল হাসানকে ছাড়া মাঠে নামল বাংলাদেশ। ২০০৭ বিশ্বকাপ থেকে শুরু করে আগের সবগুলি ম্যাচেই ছিলেন এই অলরাউন্ডার।

বিশ্বকাপে টানা ৩১ ম্যাচ খেলার পর ছেদ পড়ল এই ধারায়। বাংলাদেশের ৩২ ম্যাচের সবকটিরই অংশ এখন কেবল মুশফিকুর রহিম, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

একাদশে শামীম ও নাসুম

বাংলাদেশ একাদশে পরিবর্তন আছে দুটি। একটি পরিবর্তন অবধারিতই ছিল। চোটে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া সাকিব আল হাসানের জায়গায় একাদশে ঢুকেছেন শামীম হোসেন। গতবছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী তরুণ ক্রিকেটারের এবার অভিষেক হচ্ছে বড়দের বিশ্বকাপে।

আরেকটি বদল বেশ চমক জাগানিয়া। একাদশে নেই মুস্তাফিজুর রহমান। সবুজের ছোঁয়া থাকা উইকেটেও তার বদলে নেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে।

অনুশীলনে পাওয়া চোট থেকে ফিট হয়ে উঠতে পারেননি নুরুল হাসান সোহান।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।

একই দল প্রোটিয়াদের

আগের ম্যাচের জয়ী একাদশে কোনো পরিবর্তন আনেনি দক্ষিণ আফ্রিকা। বড় রানে না থাকলেও একাদশে জায়গা ধরে রেখেছেন ওপেনার রিজা হেনড্রিকস। বোলিং আক্রমণে তিন পেসারের সঙ্গে আছে দুই বাঁহাতি স্পিনার।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডাসেন, ডেভিড মিলার, এইডেন মারক্রাম, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশভ মহারাজ তাবরাইজ শামসি, কাগিসো রাবাদা, আনরিক নরকিয়া।