logo

টানা চতুর্থ হারে বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়

Tuesday, 2 November 2021


টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে হেরে গেল বাংলাদেশ।

এই পরাজয়ে গাণিতিক সমীকরণেও এখন আর সেমি-ফাইনালে যাওয়ার সম্ভাবনা নেই বাংলাদেশের। একই সঙ্গে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল শ্রীলঙ্কাও। চার ম্যাচে শ্রীলঙ্কার জয় একটি, বাংলাদেশের একটিও নয়, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ছোট পুঁজি নিয়েও শুরুতে ভালোই লড়াই করেছেন বাংলাদেশের বোলাররা। বিশেষ করে তাসকিন আহমেদ। আঁটসাঁট বোলিং করেন শরিফুল ইসলামও। কিন্তু তাদের ৪ ওভার করে শেষ হওয়ার পর আর সেভাবে জমেনি লড়াই। সবুজাভ উইকেটেও মাত্র দুই পেসার নিয়ে মাঠে নামা বাংলাদেশ আর পারেনি দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জ জানাতে।

হার দিয়ে সুপার টুয়েলভ শুরু করা দক্ষিণ আফ্রিকা পেল টানা তৃতীয় জয়। এই জয়ে তাদের রান রেট ০.২১০ থেকে বেড়ে হয়ে দাঁড়াল ০.৭৪২। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে রান হতে পারে বড় নিয়ামক। সেখানে প্রোটিয়ারা এখন দারুণ অবস্থানে।

শুরুর ধাক্কা সামলে শেষ পর্যন্ত সহজেই ম্যাচ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। ডেভিড মিলারের বাউন্ডারিতে ৬ উইকেটের জয় ধরা দিল ৩৯ বল বাকি থাকতে।

তিন উইকেট হারানোর পর টেম্বা বাভুমা ও রাসি ফন ডার ডাসেনের জুটি দলকে এগিয়ে নেয় জয়ের কাছে। ৪৭ রানের জুটি ভাঙার পর কাজ শেষ করে ফেরেন বাভুমা। উইকেটে জমে যাওয়ার পর রানের গতি বাড়িয়ে রান রেটও বাড়িয়ে নেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক।

২৮ বলে ৩১ রানে অপরাজিত থাকেন বাভুমা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১৮.২ ওভারে ৮৪ (নাঈম ৯, লিটন ২৪, সৌম্য ০, মুশফিক ০, মাহমুদউল্লাহ ৩, আফিফ ০, শামীম ১১, মেহেদি ২৭, তাসকিন ৩, নাসুম ০, শরিফুল ০*; মহারাজ ৪-০-২৩-০, রাবাদা ৪-০-২০-৩, নরকিয়া ৩.২-০-৮-৩, প্রিটোরিয়াস ৩-০-১১-১, শামসি ৪-০-২১-২)।

দক্ষিণ আফ্রিকা: ১৩.৩ ওভারে ৮৬/৪ (হেনড্রিকস ৪, ডি কক ১৬, ফস ডাসেন ২২, মারক্রাম ০, বাভুমা ৩১*, মিলার ৫*; তাসকিন ৪-০-১৮-২, শরিফুল ৪-০-১৫-০, মেহেদি ২.৩-০-১৯-১, নাসুম ২-০-২২-১, সৌম্য ১-০-৭-০)।