logo

জুরাইনে পুলিশকে মারধরের মামলায় একদিনে গ্রেপ্তার ১৭

এফই অনলাইন ডেস্ক | Friday, 10 June 2022


ঢাকার ওয়ারীর জুরাইন রেলগেইট এলাকায় মোটর সাইকেলের কাগজ যাচাই করা নিয়ে তিন পুলিশের উপর হামলার ঘটনায় ২৪ ঘণ্টায় ১৭ জনকে গ্রেপ্তার ‍করেছে পুলিশ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

শুক্রবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগের উপ- কমিশনার আশরাফ হোসেন এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পুলিশের উপর মারধরের মামলায় সব মিলিয়ে এ পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”

মঙ্গলবার জুরাইন রেলগেট এলাকায় উল্টো দিক দিয়ে আসা মো. রনি নামে এক মোটরসাইকেল আরোহীকে আটকে কাগজপত্র যাচাইয়ের সময় স্থানীয়রা হামলা চালায় বলে পুলিশের ভাষ্য।

এ ঘটনায় পুলিশ সার্জেন্ট আলী হোসেন আহত হন। তার হাতে ২১টি সেলাই দিতে হয়েছে। তাকে উদ্ধারে এগিয়ে আসা ট্রাফিক কনস্টেবল সিরাজুল ইসলাম ও শ্যামপুর থানার এএসআই উৎপল চন্দ্রও সেসময় আহত হন।

ঘটনার পরপরই মোটরসাইকেল চালক রনি, তার স্ত্রী ইয়াসিন জাহান নিশাত ভুইয়া এবং শ্যালক ইয়াসিন আরাফাত ভূইয়াকে পুলিশ আটক করে। পরে শ্যামপুর থানায় চারশ জনকে আসামি করে মামলার পর সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ বলছে, মোটরসাইকেলের কাগজপত্র দেখার জন্য রনি ও তার স্ত্রীকে পুলিশবক্সে নেওয়া হলে রনির স্ত্রী উত্তেজিত হয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তখন আশেপাশে থাকা লোকজন ‘নারী লাঞ্ছনার অভিযোগ তুলে’ সার্জেন্টকে মারধর করে এবং পুলিশবক্স গুঁড়িয়ে দেয়।

রনি ঘটনার সময় নিজেকে ‘বার্তা বিচিত্রা’ পত্রিকার সাংবাদিক পরিচয় দেন। তবে বুধবার তার পক্ষে জামিনের আবেদনে রনিকে আইনজীবী হিসাবে উল্লেখ করা হয় বলে জানায় পুলিশ।