জাপা এমপি অধ্যাপক মাসুদা মারা গেছেন
এফই ডেস্ক | Monday, 13 September 2021
জাতীয় পার্টির নেতা ও সাংসদ অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী মারা গেছেন।
সোমবার ভোর সাড়ে ৩টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিঢ় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, ৭০ বছর বয়সী মাসুদা নানা শারীরিক জটিলতায় আক্রান্ত ছিলেন।তিনি এক ছেলে এক মেয়ে রেখে গেছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক মাসুদা একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনে আইনপ্রণেতা হিসেবে সংসদে বসেন। তিনি জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন।
সোমবার আছরের নামাজের পর রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত হবে মাসুদা রশিদ চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে দলীয় সংসদ সদস্যের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন জাপা চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।
এক শোকবার্তায় তিনি বলেন, “মাসুদা এম রশিদ চৌধুরী এমপি একজন ভালো মানুষ ছিলেন। তিনি অন্তত সৎ আদর্শবান বিনয়ী সদালাপী নেত্রী ছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ জাতীয় পার্টির বিভিন্ন পদে বলিষ্ঠ নেতৃত্বের অবদান রেখেছেন। তার মৃত্যুতে জাতীয় পার্টির অপূরনীয় ক্ষতি হলো।
“তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার অবদানের কথা জাতীয় পার্টি চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।”
পৃথক বার্তায় দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং সংসদে বিরোধী দলীয় প্রধান হুইপ মসিউর রহমান রাঙ্গা শোকপ্রকাশ করেন।