জাতীয় বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের পরীক্ষা চলবে
এফই অনলাইন ডেস্ক | Thursday, 3 February 2022
মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি দুই সপ্তাহ বাড়লেও জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষাগুলো সময়মতই হবে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রভাবে জানুয়ারির শুরু থেকে দেশে সংক্রমণ দ্রুত বাড়তে শুরু করে।
ওই পরিস্থিতিতে গত ২১ জানুয়ারি দেশের সব স্কুল, কলেজ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করে সরকার। বিশ্ববিদ্যালয়গুলোকেও একই ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।
সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় বুধবার শিক্ষা প্রতিষ্ঠানের চলমান এই ছুটি আরও দুই সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।
মহামারীর কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেড় বছর দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। ২০২১ সালের ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খোলার পর আবার শ্রেণিকক্ষে ফিরতে শুরু করে শিক্ষার্থীরা। এসএসসি এবং এইচএসসি পরীক্ষাও নেওয়া সম্ভব হয়।