logo

জাতীয় পার্টির নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু

Saturday, 9 October 2021


জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পেয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

চুন্নু দলটির কো-চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে মহাসচিবের পদে এলেন তিনি, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের গঠনতন্ত্রে দেওয়া ক্ষমতাবলে শনিবার চুন্নুকে জাতীয় পার্টির মহাসচিব নিযুক্ত করেছেন বলে দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মহাসচিব নিয়োগের বিষয়ে যোগাযোগ করা হলে চুন্নু বলেন, “হ্যাঁ, চেয়ারম্যানের (জি এম কাদের) সঙ্গে আমার কথা হয়েছে। প্রেস রিলিজ যাচ্ছে।”

এ বিষয়ে কথা বলতে জি এম কাদেরের ফোনে কল করা হলেও তিনি ধরেননি। 

জাতীয় পার্টির আরেক কো-চেয়ারম্যান ফিরোজ রশীদের কাছে জানতে চাইলে তিনি বলেন, চুন্নুকে মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন দলের চেয়ারম্যান জি এম কাদের।

গত ২ অক্টোবর জিয়াউদ্দিন বাবলু মারা যাওয়ার পর জাতীয় পার্টির মহাসচিব পদটি শুন্য হয়েছিল। এরপর এই পদে একজন যুগ্ম মহাসচিবকে দায়িত্ব দেওয়ার গুঞ্জন শোনার পর জ্যেষ্ঠ নেতাদের কয়েকজন বৈঠক করে আপত্তিও জানিয়েছিলেন।