জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আইজিপি, স্বরাষ্ট্রমন্ত্রী
এফই অনলাইন ডেস্ক | Friday, 5 August 2022
জাতিসংঘের পুলিশ প্রধান সম্মেলনে অংশ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদসহ ছয় কর্মকর্তা এ মাসের শেষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক আদেশে জানিয়েছে, জাতিসংঘ সদর দপ্তরে ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পুলিশ প্রধানদের তৃতীয় সম্মেলন হবে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
সম্মেলনে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। প্রতিনিধি দলের সদস্যরা হলেন- আইজিপি বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ উপমহাপরিদর্শক নাসিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মাসুদ আলম।
তারা ‘৩০ অগাস্ট বা তার কাছাকাছি সময়ে’ নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন এবং ‘৩ সেপ্টেম্বর বা তার কাছাকাছি সময়ে’ নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে আদেশে জানানো হয়েছে।
সফর ও ট্রানজিটের সময় তারা ‘কর্মরত হিসেবে গণ্য হবেন’ জানিয়ে আদেশে বলা হয়, এ সফরের বিষয়ে ‘যথাযথ কর্তৃপক্ষের’ অনুমোদন আছে।
এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বলেন, “এ মাসের শেষের দিকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি স্যারসহ ছয়জনের নিউ ইয়র্ক যাওয়ার শিডিউল রয়েছে।”