জনসম্পৃক্ত মোবাইল অ্যাপ তৈরি করলো মেয়েরা, বাস্তবায়ন করলে কমবে নানা হয়রানি
Tuesday, 4 May 2021
কোনো ব্যক্তি হঠাৎ করে বিপদে পড়লে যেন তার কাছের মানুষরা তারা অবস্থান জেনে উদ্ধার করতে পারেন, সে সহায়তা করতে অ্যাপ তৈরি করে বিজয়ী হলো মেয়েরা।
খবর প্রেস বিজ্ঞপ্তির।
অ্যাপটি নারীদের নানারকম হয়রানি থেকে বাঁচতে সহায়তা করবে। অ্যাপটির মাধ্যমে শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও শিক্ষকরা তথ্য, নোট বা উপকরণ বিনিময় করতে পারবেন সহজে।
৩৫ থেকে ১০টিকে বাছাই করে ৩টি টিমকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়।
৩ মে (সোমবার) বিকেল ৪টায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক-বিডিওএসএন আয়োজিত ‘ব্রিজিং ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া টু ইনক্রিজ পার্টিসিপেশন অব ওমেন ইন আইসিটি সেক্টর চ্যালেঞ্জেস এন্ড স্কোপ’ শীর্ষক অনলাইন ওয়েবিনারের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বিজয়ীদের নাম ঘোষণা করেন শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিডিওএসএনের সভাপতি ড. মুহাম্মদ জাফর ইকবাল।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিডিওএসএনর সাধারণ সম্পাদক মুনির হাসান, বিজ-এনগেইজমেন্ট লিড বিডিঅ্যাপস মো. আলতামিশ নাবিল, বিচারকমন্ডলী ও বিজয়ী দলের সদস্যরা।
বিজয়ী দলগুলো হচ্ছে, চ্যাম্পিয়ন- ওয়াচার 24-7, প্রথম রানার আপ- QWERTY, দ্বিতীয় রানার আপ- NullPointerExceptions। তারা যথাক্রমে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি’র শিক্ষার্থী।
মেয়েদের জন্য মোবাইল অ্যাপ প্রতিযোগিতার মূল আয়োজক বিডিওএসএনের ইএসডিজি প্রজেক্ট ও ন্যাশনাল অ্যাপ স্টোর অব বাংলাদেশ বিডিঅ্যাপসের যৌথ উদ্যোগে। বিচারক হিসেবে ছিলেন, ফয়সাল আহমেদ হেড অব ইনোভেশন এন্ড ব্রান্ডেড ডিজিটাল সার্ভিসেস রবি, মো, ইফতেখার আলম ইসহাক ডেপুটি সিটিও এসএসএল ওয়া্রলেস, কাজী হাসান রবিন যুগ্ম সাধারণ সম্পাদক বিডিওএসএন।
জাফর ইকবাল বলেন, দেশকে এগিয়ে নিতে হলে মানসিকতায় পরিবর্তন আনতে হবে। ছেলেদের পাশাপাশি মেয়েদের এগিয়ে যাবার জন্য আলাদা সুযোগ তৈরী করে দিতে হবে। যদি সেটা আমরা করতে না পারি তবে দেশ, সমাজ, রাষ্ট্র পিছিয়ে যাবে। “তোমরা পারবে” কথাটুকু দিয়েই মেয়েদের অনেক কঠিন কাজে অনুপ্রাণিত করা সম্ভব। একটু সুযোগ দিলে তারা আরো অনেক বেশি দিতে পারবে দেশকে।