জনগণ কোন ভরসায় বিএনপিকে ভোট দেবে, প্রশ্ন প্রধানমন্ত্রীর
Monday, 4 October 2021
জনগণ ভোট দিতে পারছে না বলে যারা অভিযোগ করছেন, তাদেরকে কে ভোট দেবে, সেই প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার এক সংবাদ সম্মেলন তিনি বলেছেন, বিএনপি জানে যে তাদের আর কোনো ‘সম্ভাবনা নেই’, সে কারণেই তারা নির্বাচনকে ‘বিতর্কিত করার চেষ্টা’ করছে, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
“একটা দল কীভাবে জিতবে, তার নেতৃত্বটা কোথায়? একজন এতিমের টাকা চুরি করে সাজাপ্রাপ্ত আসামি। আরেকজন গ্রেনেড হামলার মামলায় কারাদণ্ড নিয়ে দেশান্তরি, সাজাপ্রাপ্ত আসামি। জনগণ কোন ভরসায় ওই দলকে ভোট দেবে?”
শেখ হাসিনা বলেন, “জনগণ কখন ভোট দেয়? মানুষ দেখে ওই দলকে ভোট দিলে ক্ষমতায় কে যাবে। তারা (বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান) তো ইলেকশনও করতে পারবে না।”
বিএনপি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার বিশ্বাসই ‘হারিয়ে ফেলেছে’ মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “তারা জানে যে তাদের কোনো সম্ভাবনা নাই। সম্ভাবনা যখন নাই, যেভাবে হোক নির্বাচনটা নিয়ে বিতর্ক সৃষ্টি করা, অর্থাৎ গণতন্ত্রের যে ধারাবাহিকতা অব্যাহত আছে, সেটা নষ্ট করা।“
সাংবাদিকদের সামনে শেখ হাসিনা বলেন, “তাদেরকে ভোট দেবে কেন- এই প্রশ্নটা করেন না। জনগণ ভোট দিতে পারছে না- এই কথাটা যারা বলে…, মানুষ তাদের ভোট কেন দেবে?।
“কারা কেন কোন সুখের স্বপ্নে বা কোন আশার আলো দেখে বিএনপিকে ভোট দেবে? সেটাও একটু জিজ্ঞেস করেন, জেনে রাখি।”
জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা জানাতে গণভবন থেকে এই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হাজির হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে তার এই সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করা হয়।