logo

ছয় মাসের কম বয়সী সন্তান নিয়ে সরকারি চাকরিতে যোগ দিলেও মাতৃত্বকালীন ছুটি

Wednesday, 19 May 2021


ছয় মাসের কম বয়সী শিশু সন্তান নিয়ে কোনো নারী প্রথম সরকারি চাকরিতে যোগ দিলে পূর্ণ বেতনে মাতৃত্বকালীন ছুটি পাবেন।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের এক প্রজ্ঞাপনে সরকারি চাকরি বিধির (১ম খণ্ড) ১৯৭ ধারার উপধারা ১ এ এই বিধান যুক্ত করা হয়েছে।

সংবিধানের ১৩৩ অনুচ্ছেদের ক্ষমতায় রাষ্ট্রপতি সরকারী কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ করে চাকরি বিধিতে এই সংশোধন এনেছেন।

এর আগে ২০১১ সালের ৯ জানুয়ারি ১৯৭ ধারার উপধারা-১ সংশোধন করে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বেতনসহ চার মাস থেকে ছয় মাসে উন্নীত করা হয়েছিল।

নতুন সংশোধনীতে সন্তানসহ সরকারি চাকরিতে প্রথম যোগ দেওয়া নারীদের জন্যও সেই সুযোগ রাখা হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, ছয় মাসের কম বয়সী শিশু নিয়ে সরকারি চাকরিতে যোগ দেওয়া নারী তার সন্তানের বয়স ছয় মাস হওয়া পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি কাটাতে পারবেন।

সরকারি চাকরিতে কর্মরত নারীরা চাকরি জীবনে দুইবার বেতনসহ মাতৃত্বকালীন ছুটির সুযোগ পান।