চতুর্থ টি-টোয়েন্টিতে টস জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম | Saturday, 7 August 2021
অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। তৃতীয় ম্যাচের মতো আবারও তিনি বেছে নিলেন ব্যাটিং।
পাঁচ ম্যাচের সিরিজে জয় নিশ্চিত হয়ে গেছে প্রথম তিন ম্যাচেই। তবে বাংলাদেশের প্রাপ্তির অভিযান শেষ হয়নি। আপাতত চাওয়া আরও একটি ম্যাচ জয় এবং সেই জয়ের পথে ব্যাটিংয়ের উন্নতি।
প্রথম তিন ম্যাচ মূলত বোলারদের অসাধারণ পারফরম্যান্সেই জিতেছে বাংলাদেশ। সিরিজের বাকি দুই ম্যাচে ব্যাটসম্যানদের কাছে আরেকটু বেশি কিছু চান অধিনায়ক মাহমুদউল্লাহ।
“ব্যাটসম্যানদের অবশ্যই আরও ভালো করা উচিত। ব্যাটিংয়ে আমাদের আরেকটু দায়িত্ব নিতে হবে। আমার মনে হয়, সেই সামর্থ্য আমাদের আছে। আমি বিশ্বাস করি, বাকি দুই ম্যাচে আমাদের ব্যাটিং ইউনিট আরও ভালো করবে।”
“(উইকেটের) কন্ডিশনে মানিয়ে নিয়ে আমরা যদি ব্যাটিংটা আরেকটু ভালো করতে পারি, আরও ১০-১২টি রান, একটি-দুটি চার, কয়েকটি ডাবলস বা সিঙ্গেলস নিয়ে যদি আদায় করতে পারি, তাহলে ব্যাটিং ইউনিট হিসেবে আমরা খুশি হব, আমাদের বোলারদেরও বেশি বিশ্বাস জোগাবে।”