চট্টগ্রামে পর্যটকবাহী মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নিহত ১১
এফই অনলাইন ডেস্ক | Friday, 29 July 2022
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি লেভেল ক্রসিংয়ে উঠে পড়া পর্যটকবাহী মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা দেড়টার দিকে মিরসরাইয়ের বরতাকিয়া স্টেশনে ঢোকার মুখে রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে পূর্ব রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী জানান।
তিনি বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ওই লেভেল ক্রসিং পার হওয়ার মুখে খৈয়াছড়াগামী একটি পর্যটকবাহী মোইক্রোবাস লাইনে উঠে পড়ে।
“সংঘর্ষের পর মাইক্রোবাসটি ট্রেনের ইঞ্জিনের সাথে আটকে যায়, ওই অবস্থায় মাইক্রোবাসটিকে বেশ খানিকটা পথ ছেঁচড়ে নিয়ে থামে ট্রেন।”
মিরসরাইয়ের ইউএনও মিনহাজুর রহমান জানান, হাটহাজারী থেকে আসা ওই মাইক্রোবাসে মোট ১৪ জন ছিলেন, খৈয়াছড়ায় বেড়াতে যাচ্ছিলেন তারা। তাদের মধ্যে ১১ জন ঘটনাস্থলেই মারা গেছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
এছাড়া দুইজনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। আরোহীদের মধ্যে কেবল একজন অক্ষত আছেন বলে জানান ইউএনও।
রেল কর্মকর্তা আনসার আলী বলেন, “ট্রেন আসায় গেইটম্যান সাদ্দাম বাঁশ ফেলেছিলেন। কিন্তু মাইক্রোবাসটি বাঁশ ঠেলে ক্রসিংয়ে উঠে পড়ে।”