logo

চট্টগ্রামে দোকানপাট ও বিপনিকেন্দ্র সন্ধ্যা ৬টার পর বন্ধ

Friday, 2 April 2021


করোনাভাইরাসের সংক্রমণ মারাত্মক রূপ নেওয়ায় চট্টগ্রামে দোকানপাট ও বিপনিকেন্দ্র সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

করোনাভাইরাসের যাবতকালের সর্বোচ্চ রোগী শনাক্ত হওয়ার দিন শুক্রবার থেকেই এই নির্দেশনা কার্যকর হয়েছে বলে জেলা প্রশাসক মো. মমিনুর রহমান জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, হোটেল-রেস্তোরাঁ, বিপণিবিতান, শপিং মল ও পাড়া-মহল্লার দোকানপাটও সন্ধ্যা ৬টার পর থেকে বন্ধ থাকবে। শুধু ওষুধের দোকান এবং কাঁচাবাজার খোলা থাকবে।

সংক্রমণ নিয়ন্ত্রণে শনিবারআরো কঠোর’ নির্দেশনা আসতে পারে বলেও জানান জেলা প্রশাসক।

এর আগে বৃহস্পতিবার ও বুধবার নগরীর বিভিন্ন এলাকায় সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পুলিশ টহল দিয়ে আড্ডা ও লোক সমাগম না করতে প্রচারণা চালায়।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, শুক্রবার নতুন করে আরও ৫১৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। কোভিড-১৯ মহামারীর শুরুর পর চট্টগ্রাম জেলায় একদিনে সর্বোচ্চ সংখ্যক শনাক্তের সংখ্যা এটি।

এর আগে গত বছরের ২৯ জুন চট্টগ্রামে সর্বোচ্চ ৪৪৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।

সংক্রমণের হার বাড়তে থাকায় ইতিমধ্যে নগরীর সব বিনোদনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি জনসমাগম হয় এমন যে কোনো আয়োজন পরিহার করতে বৃহস্পতিবার নির্দেশনা দেয় জেলা প্রশাসন।

এরপরও শুক্রবার মেডিকেলে ভর্তি পরীক্ষা ঘিরে ভিড় ছিল। দুপুরে নগরীর আন্দরকিল্লা জামে মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশও করে হেফাজতে ইসলাম।

একই সময়ে হাটহাজারী মাদ্রাসার সামনে সড়কে যান চলাচল বন্ধ করে হাজার খানেক লোকের জমায়েত নিয়ে বিক্ষোভ করেন হেফাজত নেতারা।