logo

চট্টগ্রাম বন্দরে জাহাজডুবি, সাত নাবিক নিখোঁজ

এফই অনলাইন ডেস্ক | Saturday, 19 March 2022


চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিমেন্ট ক্লিংকারবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে সাত নাবিক নিখোঁজ হয়েছেন।

ডুবে যাওয়া ‘এমভি টিটু-১৪’ জাহাজটির নাবিকদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

শুক্রবার রাত সাতে ৩টার দিকে আবুল খায়ের গ্রুপের এই জাহাজটি ডুবে যায় বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, অন্য একটি লাইটার জাহাজের ধাক্কায় ‘এমভি টিটু-১৪’ ডুবে যায়। তবে আসলে কী ঘটেছিল, সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি বন্দর কর্মকর্তারা।

বন্দর সচিব ওমর ফরুক শনিবার সকালে বলেন, “জাহাজটিতে ১৩ জন নাবিক ও ক্রু ছিলেন, তাদের মধ্যে ৬ জনকে উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড এবং আমাদের পাইলট বোট নিয়ে অন্যদের উদ্ধারে অভিযান চলছে। এখনও জাহাজের ৭ জন নাবিক ও ক্রু নিখোঁজ আছে।”

জাহাজটি সিমেন্টের ক্লিংকার বোঝাইয়ের পর গন্তব্য যাওয়ার আগে আলফা অ্যাংকরেজে (বে টার্মিনালের জন্য নির্ধারিত অংশে) অপেক্ষা করছিল বলে বন্দর সচিব জানান।