ঘরে বসেই হজ্বের দুর্গম যাত্রা - দা হজ ট্রেইল
সিরাজুল আরিফিন | Saturday, 9 July 2022
সমগ্র বিশ্বের মুসলিমদের কাছে হজ্ব অত্যন্ত কাঙ্ক্ষিত এক অভিজ্ঞতার নাম। ইসলামের পাঁচটি মূল ভিত্তির অন্যতম এই হজ্ব পালন করা বর্তমান সময়ে এসে অনেকটাই সহজ। যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে উড়োজাহাজে চেপে বসলেই কয়েক ঘণ্টার মধ্যে হজ্বের জন্য নির্ধারিত গন্তব্যে পৌঁছানো সম্ভব। কিন্তু, আগেকার দিনে এই হজ্বযাত্রার পদে পদে ছিল বিপদ এমনকি মৃত্যুর হাতছানি।
মরুভূমির রুক্ষ আবহাওয়া, দুর্গম পাহাড়ি পথ, ডাকাতির ভয় - এই সবকিছু মাথায় রেখেই বিগত শতাব্দীগুলোতে হাজীরা হজ্ব করতে যেতেন মক্কায়। বিপদসংকুল সেই পথের ইতিহাস শিক্ষার্থীদের মাঝে সহজে ও আনন্দের সাথে ছড়িয়ে দেয়ার লক্ষ্য নিয়ে ইউনিভার্সিটি অব মেমফিসের বৈশ্বিক ইতিহাসের শিক্ষক টাইলার কিন নিয়ে এসেছেন সিমুলেশন ভিত্তিক গেম – দা হজ ট্রেইল।
গেমের গল্পে দেখানো হয়েছে ১৭৬১ সালের অটোমান শাসিত তুরস্কের হজ্বযাত্রীদের। গেমের মাধ্যমে পথের নানারকম প্রতিবন্ধকতা পেরিয়ে হজ্বযাত্রীদের পৌঁছাতে হবে মক্কায়। এই প্রতিবন্ধকতার মধ্যে খাদ্য-পানীয়ের অভাব, দস্যুদের হামলা থেকে শুরু করে সঙ্গী হওয়া অন্য যাত্রীদের প্রতারণার মতো বিষয়ও রয়েছে। মূলত তৎকালীন ইতিহাস ও প্রসিদ্ধ ভ্রমণবৃত্তান্তগুলো উপজীব্য করেই সাজানো হয়েছে এই গেম।

ছবি: দা হজ ট্রেইলের প্রথম সংস্করণের ছবি
দ্যা হজ্ব ট্রেইল গেমটিতে বর্তমানে পাঁচটি কাঠিন্যের ওপর ভিত্তি করে পাঁচটি স্তর রয়েছে। অটোমান সাম্রাজ্যের একজন রাজকন্যা এই গেমের সবচেয়ে সহজ স্তর আর সবচেয়ে কঠিন একজন সাধারণ বিধবা হিসেবে হজ্বযাত্রা। পথচলায় সহযোগিতার জন্যে সঙ্গী হতে পারে অন্য মানুষ, সৈনিক কিংবা জ্যারফ্যালকনের মতো শিকারী পাখি। সঙ্গীর সহযোগিতা নিয়েই পেরিয়ে যেতে হবে পথের সকল প্রতিকূলতা এবং কেবল তখনই পৌঁছানো যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে।
ছবি: জ্যারফ্যালকন
টাইলার কিন এই গেমের আইডিয়াটি পেয়েছেন ১৯৭১ - এ মুক্তি পাওয়া ভিডিও গেম অরিগন ট্রেইল থেকে যেখানে একদল মানুষ মিসৌরি থেকে অরিগনে যাচ্ছিল নতুন বসতির সন্ধানে। তাদেরকে পথের মাঝে রসদ কিনতে হয়, সংগ্রাম করে টিকে থাকতে হয়। এভাবে গেমের মাধ্যমে ইতিহাস পড়ানোর বুদ্ধি মাথায় আসতেই এক সহকর্মীকে সাথে নিয়ে কাজ লেগে যান কিন, তৈরি করে ফেলেন দা হজ ট্রেইল।
এই গেম খেলতে হলে যেকোনো ব্রাউজার থেকে দা হজ ট্রেইলের ওয়েবসাইটে যেতে হবে। ব্রাউজারভিত্তিক এই গেমে গ্রাফিক্সের ওপর জোর না দিয়ে ইতিহাসের তথ্যে ও ছবিতে আনা হয়েছে প্রাচুর্য। চলার পথে পথে সেই অঞ্চলের মাজার, দর্শনীয় স্থান, সংস্কৃতি – এ সম্পর্কেও ধারণা পাওয়া যাবে। যাত্রাবিরতির সময়টাতে পথের খোঁজ খবর নেয়া যায় স্থানীয় ক্যাফে থেকে, বাজার থেকে সংগ্রহ করতে হয় প্রয়োজনীয় রসদ।

ছবি: দ্যা হজ ট্রেইল গেমের ভেতরের দৃশ্য
হজ্বের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের কাছে সহজে পৌঁছে দেয়ার জন্যে টাইলার কিন সাহায্য নিয়েছেন ইউসুফ নাবি, আবু সালিম আল-আয়াসি, কুতুব আদ-দিন আল-নাহরাওয়ালি প্রমুখ ভ্রমণকারী ও হাজীদের লেখার। পুরো গেম জুড়েই নিজের কাছে থাকা খাদ্য - পানীয়, স্বাস্থ্যের অবস্থা এবং আর কতোদিনের মধ্যে পৌঁছাতে হবে তা উল্লেখ করা থাকে। গেমের ম্যাপের সাহায্যে প্রচলিত ও অপ্রচলিত পথ দিয়ে ধাপে ধাপে পেরোতে হয় বাধা-বিপত্তি।

ছবি: দ্যা হজ ট্রেইলে আনাতোলিয়ার ম্যাপ
সম্পূর্ণ বিনামূল্যের এই গেমের মূল লক্ষ্য শিক্ষার্থীদেরকে সহজে ইতিহাস শেখানো আর সেই লক্ষ্য অর্জনে অনেকটাই সফল এর নির্মাতারা। গেমের স্তর অনুযায়ী অনেক কঠিন হয়ে উঠলেও শিক্ষার্থীরা যথেষ্ট আগ্রহ নিয়ে গেমটি খেলে চলেছে এবং মালয়েশিয়া, অ্যানাটোলিয়া থেকেও এই গেমটি পড়ানোর কাজে ব্যবহার করা হচ্ছে। সামনের দিনগুলিতে এর টেক্সচারে আরো উন্নয়নের মাধ্যেম গেমারদের আরো বেশি সংযুক্ত করার লক্ষ্যে রয়েছে টাইলার কিনের।
বর্তমানে গেমের বিটা সংস্করণে শুধু অটোমান সাম্রাজ্য থেকেই অ্যানাটোলিয়া, ফিলিস্তিন, সিরিয়া হয়ে যাওয়া যায় আরবের মক্কায়। তবে আগামী কয়েক বছরের মধ্যেই মরক্কো, ইরান এবং ভারতবর্ষের হজ্বযাত্রার ম্যাপও গেমটিতে যুক্ত করার বিষয়ে আশাবাদী গেমটির নির্মাতারা। এভাবে পুরো পৃথিবী থেকেই হজ্বের ইতিহাস অন্তর্ভুক্ত করা সম্ভব হলে তা একদিকে যেমন প্রাচীন দুর্গম হজ্বযাত্রাকে করে তুলবে জীবন্ত, অন্যদিকে শিক্ষার্থীদের কাছে ইতিহাসের পাঠকেও করে তুলবে প্রাণবন্ত।
সিরাজুল আরিফিন বর্তমানে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে কম্পিউটার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।
sherajularifin@iut-dhaka.edu