logo

গ্রাহকের টাকা আত্মসাৎ: ব্যাংক এশিয়ার দুই কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

এফই ডেস্ক | Thursday, 5 August 2021


প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে গ্রাহকের প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক এশিয়ার দুই কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ কমিশনের সহকারী পরিচালক মো. ফজলুল বারী বুধবার এই মামলা করেন বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক জানিয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

আসামিরা হলেন- ব্যাংক এশিয়া চট্টগ্রামের এমসিবি শেখ মুজিব রোড শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা এহতেশাম উদ্দিন জাহান আনসারী, একই শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইফতেখার উদ্দিন আহমেদ, পিঅ্যান্ড আর ট্রেডার্সের স্বত্বাধিকারী ইসলাহ উদ্দিন জাহান আনসারী, রিজ মেরিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এমদাদুল হাসান ও সেভেন সীজ বিডির স্বত্বাধিকারী তারেকুজ্জামান।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ, তারা ১২২টি লেনদেনের মাধ্যমে এক্সপোর্ট প্রোসিডস, রেমিটেন্স, ফরেন ব্যাংক গ্যারান্টি কনফার্মেশন চার্জ, অব্যবহৃত ফরেন ব্যাংক গ্যারান্টি ক্লেইম সেটলমেন্ট, এলসি পেমেন্টের অতিরিক্ত অর্থ ও এফসি ডরম্যান্ট অ্যাকাউন্টের সর্বমোট ১১ কোটি ৯৩ লাখ ৫ হাজার ৪২১ টাকা প্রকৃত সুবিধাভোগীদের হিসাবে স্থানান্তর না করে প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে তিনটি হিসাবে স্থানান্তর করেছেন।

আসামিরা এই অর্থ ক্ষমতার অপব্যবহার করে স্থানান্তর, হস্তান্তর এবং রূপান্তরের মাধ্যমে আত্মসাৎ করেছেন বলে মামলায় উল্লেখ করে তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) ধারা, দণ্ডবিধির ৪০৯/৪২০/ ৪৬৭/৪৬৮/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।