গাজীপুরের জঙ্গল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষকের মৃতদেহ উদ্ধার
Friday, 14 January 2022
গাজীপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক অধ্যাপকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যিনি দুদিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
৭০ বছর বয়সী সাইদা খালেক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক। কাশিমপুর থানার দক্ষিণ পানিশাইল এলাকায় একটি বাসায় তিনি ভাড়া থাকতেন।
কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা বলেন, “শুক্রবার সকালে বাসার কাছে এক জঙ্গল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা।”
এ ঘটনায় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
ওসি জানান, ওই এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি আবাসিক প্রকল্প রয়েছে। সাইদা ওই প্রকল্পে একটি বাড়ি নির্মাণ করছিলেন। আনোয়ার সেখানে কাজ করতেন।
সাইদার তিন মেয়ে ও এক ছেলে। তাদের মধ্যে দুই মেয়ে থাকেন অস্টেলিয়ায়, এক মেয়ে ঢাকার উত্তরায় এবং ছেলে মতিঝিলে থাকেন। পানিশাইল এলাকার ওই বাসায় একাই থাকতেন সাইদা।