গাজীপুরে রাসায়নিক কারখানায় আগুন
এফই অনলাইন ডেস্ক | Wednesday, 3 November 2021
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি রাসায়নিকের কারখানায় আগুন ধরেছে।
বুধবার সন্ধ্যায় এই কারখানায় আগুন ধরে বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
আব্দুল হামিদ বলেন, সন্ধ্যা সোয়া ৭টার দিকে এসএম (আজিজ) কেমিকেল কারখানার বয়লার রুম থেকে আগুনের সূত্রপাত হয় এবং অল্প সময়ের মধ্যে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
খবর পেয়ে ভালুকা ফায়ার স্টেশনের দুইটি, শ্রীপুর ফায়ার স্টেশনের চারটি এবং জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছেন।
প্রত্যক্ষদর্শী, কারখানা কর্তৃপক্ষ, শ্রমিক ও নিরাপত্তা প্রহরীরা জানান, সন্ধ্যায় কারখানার এসবিপি প্লান্ট (ব্লিচিং পাউডার প্লান্ট) থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুন পাশের শেডগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের লেলিহান শিখায় আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কারখানার জ্যেষ্ঠ ব্যবস্থাপক (প্রশাসন) রেজাউল করিম বলেন, কারখানায় বুধবার দুপুর ২টা থেকে রাত ১০টার পালায় কাজ চলছিল। এ সময় ৫৫ থেকে ৫৬ জন শ্রমিক বিভিন্ন প্লান্টে কাজ করছিলেন। আগুন ধরার পর তারা দ্রুত নিরাপদে সরে আসেন। এখনও কারো নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি।