গণমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক থাকা সরকারের জন্য ভালো: ওবায়দুল কাদের
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম | Tuesday, 25 May 2021
গণমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক থাকা সরকারের জন্য ভালো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, “গণমাধ্যমের সঙ্গে সরকারের বৈরিতা হোক, বৈরী সম্পর্ক হোক, এটা চাই না। একটা সুসম্পর্ক থাকুক। এটা সরকারের জন্য ভালো, গণমাধ্যমের জন্য সুখকর।”
বৈঠকে আলোচনার বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, “সাংবাদিক রোজিনা ইসলাম (সদ্য কারামুক্ত প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক) এবং সংবাদপত্র শিল্প, অধিকার, দাবি-দাওয়া নিয়ে সরকারের সঙ্গে কিছু বিষয় আছে। এগুলো আমাকে রুলিং পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে তারা অবহিত করেছেন।”
রাষ্ট্রীয় গোপন নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগে রোজিনা ইসলামকে গত ১৭ মে সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের এক কর্মকর্তার কক্ষে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা আটকে রাখা হয়। পরে রাতে তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডিবিধির কয়েকটি ধারায় মামলা করে স্বাস্থ্যসেবা বিভাগ। ছয়দিন পর গত ২৩ মে কারাগার থেকে জামিনে মুক্তি পান সাংবাদিক রোজিনা।
সাংবাদিক রোজিনা ইসলামের মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়ে ওবায়দুল কাদের বলেন, “এখানে তো সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে। তথ্য মন্ত্রণালয় আছে, আইন মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে। বিশেষ করে কিছু কিছু বিষয় আছে প্রধানমন্ত্রীকে অবহিত করার। সমস্যাগুলো তারা বলেছেন, আমি সমাধানের ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব। তাদের দাবি-দাওয়াগুলো নেত্রীকে জানাব।”
রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমি তো এভাবে মন্তব্য করতে পারি না। এখানে সরকারের ব্যাপার আছে। মামলাটা আদালতে গেছে। আইনমন্ত্রীর সঙ্গে আলাপ করতে হবে। সার্বিক বিবেচনা করার পর, সবার সঙ্গে আলাপ করার পর বলতে পারব।”
এ ঘটনার পর সচিবালয়ের সাংবাদিকদের জন্য কাজ করা কঠিন হয়ে যাবে- এমন শঙ্কার কথা জানানো হলে কাদের বলেন, “কাজ করা যেন কঠিন না হয় এ ব্যাপারে দেখব।”
বৈঠকের বিষয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, “গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে রোজিনা ইসলামের বিরুদ্ধে অপপ্রচার হয়েছে। এছাড়া অনলাইনে আন-ডকুমেন্টেড সোর্স থেকে পোস্ট করে এক ধরনের অপপ্রচার চালানো হয়েছে, যেটা বাংলাদেশের বিদ্যমান ডিজিটাল সিকিউরিটি আইন পরিপন্থী। এর দ্রুত প্রতিকার চেয়েছি।”
রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও হেনস্তার বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের চেয়ারম্যান রেজওয়ানুল হক রাজা বলেন, “রোজিনা ইসলামের সঙ্গে যা ঘটেছে তিনি (ওবায়দুল কাদের) বলেছেন যে, ওইদিন ম্যানেজমেন্টের সমস্যা ছিল, হ্যান্ডেলিংয়ের সমস্যা ছিল। ঘটনাটা এত বড় হওয়া উচিত হয়নি। বিষয়টি তিনি অনুভব করেন এবং এ বিষয়ে তারা সজাগ। সামনে যে বিষয়গুলো রয়েছে, তদন্ত ইত্যাদি, সেখানে যেন তার সঙ্গে কোনো অবিচার না হয় সে বিষয়টি তারা দেখবেন বলেছেন।”