গণপরিবহন চালুর কথা ভাবছে সরকার: কাদের
Saturday, 1 May 2021
করোনাভাইরাস মহামারীর মধ্যে গণপরিবহন চালুর দাবিতে সারা দেশে বিক্ষোভের ডাক দেওয়া মালিক-শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেছেন, ঈদ সামনে রেখে গণপরিবহন চালুর বিষয়ে চিন্তা-ভাবনা করছে সরকার।
শনিবার সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে একথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন শুক্রবার গণপরিবহন চালুর দাবিতে রোববার সারাদেশে বিক্ষোভের ডাক দেয়
পরদিন পরিবহন মালিক-শ্রমিকদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, “লকডাউনের পর জনস্বার্থের কথা বিবেচনায় রেখে সরকার ঈদকে সামনে রেখে গণপরিবহন চালুর ব্যাপারে চিন্তা ভাবনা করছে।
“আপনারা আন্দোলন, বিক্ষোভে না গিয়ে পরিবহন মালিক শ্রমিকদের ধৈর্য ধরুন।”
করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে চলমান কঠোর বিধিনিষেধ কয়েক দফায় সর্বশেষ ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
এর মধ্যে দোকান-পাট, শপিংমল ও বাণিজ্যিক ফ্লাইট চালু করা হলেও রেলপথে ও গণপরিবহনে যাত্রী পরিবহন বন্ধ রয়েছে।