খাদ্যের অপচয় যেন না হয়: প্রধানমন্ত্রী
Saturday, 16 October 2021
বিশ্বে একদিকে খাদ্যাভাব আর অন্যদিকে খাদ্যের অপচয়ের দিকটি তুলে ধরে অতিরিক্ত খাদ্যের পুনর্ব্যবহারের ব্যবস্থা গ্রহণের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ‘বিশ্ব খাদ্য দিবস-২০২১’ এর সরকারি অনুষ্ঠানে ভাষণ দেন তিনি।
নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি চাহিদা পূরণে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “আমাদের খাদ্যের অপচয়টা কমাতে হবে। অপচয় যেন না হয়।
“সারাবিশ্বে কিন্তু একদিকে খাদ্যাভাব, অপরদিকে প্রচুর খাদ্য অপচয় হয়। এই অপচয় যেন না হয়। বরং যে খাদ্যগুলো অতিরিক্ত থাকে, সেটাকে আবার ব্যবহার করা যায় কীভাবে, সেই বিষয়টা আমাদের চিন্তা করতে হবে। সেই ধরনের ব্যবস্থাও আমাদের নিতে হবে।”
উদ্বৃত্ত খাদ্য পুণর্ব্যবহারের মাধ্যমে অন্য কোনো চাহিদা পূরণ করা যায় কি না, সেদিকে দৃষ্টি দিতে গবেষকদের পরামর্শ দেন তিনি।
করোনাভাইরাস মহামারীর মধ্যে মানুষের খাদ্য চাহিদা নিশ্চিতে দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে, সেই নির্দেশনা দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।
“বিশ্বের অনেক দেশে এখন খাদ্যের অভাব। অনেক দেশ দুর্ভিক্ষ অবস্থার দিকে চলে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে জাতির পিতার ভাষায় বলতে হয় যে বাংলাদেশের মাটি আছে, মানুষ আছে। আমরা যেন কখনো খাদ্যের অভাবে আর না ভুগি।”
উত্তরবঙ্গ আওয়ামী লীগ সরকার আসলেই ‘মঙ্গামুক্ত’ হয় মন্তব্য করে তিনি বলেন, তা ‘মঙ্গামুক্তই থাকবে’।
“বাংলাদেশে আর যেন কখনও দুর্ভিক্ষ না হতে পারে আর কেউ যেন চক্রান্ত করেই দুর্ভিক্ষ করতে না পারে, সেদিকে বিশেষভাবে আমাদের দৃষ্টি দিতে হবে।”