কোভিডে এক দিনে ৫২ মৃত্যু, ১২ সপ্তাহে সর্বনিম্ন
Wednesday, 8 September 2021
দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে একদিনে আরও ৫২ জনের মৃত্যু হয়েছে, যা গত ১২ সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
এর আগে সর্বশেষ ১৫ জুন এর চেয়ে কম মৃত্যুর খবর এসেছিল। সেদিন ৫০ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
গত এক দিনে মারা যাওয়া ৫২ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে হল ২৬ হাজার ৭৩৬ জন।
বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ২৭ হাজার নমুনা পরীক্ষা করে দেশে আরও ২ হাজার ৪৯৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে।
সব মিলিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়াচ্ছে ১৫ লাখ ২২ হাজার ৩০২ জনে।