সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে ২২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৪৭৮ জনের শরীরে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, একদিনে মারা যাওয়া এই ২২ জনের ২০ জনই সিলেট জেলার। এছাড়া সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় একজন করে রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ২২ জনকে নিয়ে বিভাগে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা ৯৫৩ জনে দাঁড়াল। এর আগে গত ১১ অগাস্ট করোনাভাইরাসে একদিনে সমান সংখ্যক মৃত্যু হয়েছিল। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
এছাড়া একই সময় নতুন শনাক্ত হওয়া ৪৭৮ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ হাজার ৫২০ জনে দাঁড়াল।
সিলেটে বিভাগে বৃহস্পতিবার দৈনিক শনাক্তের হার ২৩ দশমিক শূন্য ৫১ শতাংশ বলে জানান হিমাংশু।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। আর বিভাগের সব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৭৪ জন। এর মধ্যে শুধু সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ২৬০ জন।
হিমাংশু বলেন, সিলেটের বিভিন্ন হাসপাতালে ৪১৭ জন, সুনামগঞ্জে ৩৯ জন, হবিগঞ্জে ৩৫ জন ও মৌলভীবাজারে ২৩ জন ভর্তি রয়েছেন।
একই দিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৫৯৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ৪০৭ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ৪৪ জন সুনামগঞ্জে, ৪৭ জুন হবিগঞ্জে, ৯০ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা।
এদিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও ৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।