logo

কোভিড: শনাক্ত ১০ হাজার ছাড়াল

Thursday, 20 January 2022


করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তারের মধ্যে পাঁচ মাস পর দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা আবার দশ হাজারের ঘর ছাড়িয়ে গেল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সোয়া ৪১ হাজার নমুনা পরীক্ষা করে ১০ হাজার ৮৮৮ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

একদিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল সর্বশেষ গত বছরের ১০ অগাস্ট, সেদিন ১১ হাজার ১৬৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল।

বুধবার ৯ হাজার ৫০০ জন নতুন রোগী শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সে হিসাবে গত একদিনে রোগী বেড়েছে ১ হাজার ৩৮৮ জন, বা ১৪ দশমিক ৬১ শতাংশ।

জানুয়ারির প্রথম দিনও শনাক্ত রোগীর সংখ্যা ছিল চারশর নিচে, ৬ জানুয়ারি তা হাজার ছাড়ায়, ১৬ জানুয়ারি পেরিয়ে যায় ৫ হাজারের ঘর। এরপর মাত্র চারদিনে তা দ্বিগুণ হল।

বৃহস্পতিবার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আরও বেড়ে ২৬ দশমিক ৩৭ শতাংশ হয়েছে, যা গত বছরের ৫ অগাস্টের পর সর্বোচ্চ। সেদিন শানাক্তের হার ছিল ২৭ দশমিক ১১ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৫৩ হাজার ১৮২ জনে। গত এক দিনে আরও ৪ জনের মৃত্যু হওয়ায় মহামারীতে বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ১৮০ জনে দাঁড়াল।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ৫৭৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৫৪ হাজার ৮৪৫ জন সুস্থ হয়ে উঠলেন।