logo

কোভিড: ভেন্টিলেটরের অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠাল হাইকোর্ট

Monday, 5 July 2021


কোভিড রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উদ্ভাবিত ভেন্টিলেটর ডিভাইস ঔষধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) অনুমোদন না পাওয়ায় বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনার পরামর্শ দিয়েছে হাই কোর্ট। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাকে লিখিতভাবে বিষয়টি জানাতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী অনীক আর হককে।

অক্সিজেট’ নামের সি-প্যাপ (C-PAP) ভেন্টিলেটরটির ক্লিনিক্যাল ট্রায়ালের পরও ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) অনুমোদন দিচ্ছে না উল্লেখ করে সোমবার বিষয়টি আদালতের নজরে আনেন এ আইনজীবী। তখন বিচারপতি এম ইনায়েতুর রহিম তাকে এ পরামর্শ দেন।

অনীক আর হককে উদ্দেশ্যে করে বিচারপতি আদালত বলেন, “প্রধানমন্ত্রী ইনোভেটিভ মাইন্ডের। প্রধানমন্ত্রীর নজরে আনার জন্য তার মূখ্য সচিবকে লিখিতভাবে বিষয়টি জানান। একই সঙ্গে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং অ্যাটর্নি জেনারেলকেও জানান।”

অনীক পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোনো ফ্যাক্টরি থেকে উৎপাদন হচ্ছে না বলে অক্সিজেটের অনুমোদন দিতে অপারগতা প্রকাশ করেছে ডিজিডিএ।

“এটা কোনো কথা হল! সমানে খবর আসছে, অক্সিজেন সরবরাহের অপ্রতুলতার কারণে কোভিড রোগী মারা যাচ্ছে।”

সংশ্লিষ্টদের কাছ থেকে সাড়া না পেলে পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে এই আইনজীবী বলেন, “সাড়া না পেলে আবার আমি আদালতের কাছে আসব। সত্যি কথা বলতে কি, বিষয়টা বুয়েটে সংশ্লিষ্টদের কারো সাথে আমি যোগাযোগ করিনি। দেখি কি হয়। আশা করছি ভালো কিছু হবে।”