কোভিড: দেশে মৃত্যু ছাড়াল ২৭,০০০
Tuesday, 14 September 2021
এক দিনে আরও ৩৫ জনের মৃত্যুতে দেশে করোনাভাইরাসের সংক্রমণে মৃতের মোট সংখ্যা ২৭ হাজার ছাড়িয়ে গেল।
গত ২৯ অগাস্ট দেশে করোনাভাইরাসে মৃত্যুর মোট সংখ্যা ২৬ হাজারের মাইলফলক পেরিয়ে গিয়েছিল। ১৬ দিনে মৃতের তালিকায় যুক্ত হল আরও এক হাজার নাম। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
তবে সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে মৃত্যুর সংখ্যা বাড়ার গতিও কমে এসেছে। মৃতের মোট সংখ্যা ২৫ হাজার থেকে ২৬ হাজারে পৌঁছাতে সময় লেগেছিল নয় দিন। তার আগে ২৪ হাজার থেকে ২৫ হাজারে পৌঁছেছিল মাত্র পাঁচ দিনে।
এক দিনে মৃত্যুর এই সংখ্যাও গত ১৪ সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। সর্বশেষ গত ৭ জুন এর চেয়ে কম মৃত্যুর খবর এসেছিল। সেদিন ৩০ জনের মৃত্যুর কথা জানিয়ছিল সরকার।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় পৌনে ৩২ হাজার নমুনা পরীক্ষা করে দেশে ২ হাজার ৭৪ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৩৪ হাজার ৪৪০ জন কোভিড রোগী শনাক্ত হল; আর আক্রান্তদের মধ্যে মৃত্যু হল মোট ২৭ হাজার ৭ জনের।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৫৩ জন নতুন রোগী শনাক্ত এবং ৪১ জনের মৃত্যুর খবর দিয়েছিল। সে হিসেবে গত এক দিনে মৃত্যু কমলেও শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে।
মঙ্গলবার শনাক্ত রোগীর হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৫৪ শতাংশ, আগের দিন সোমবার তা ৭ দশমিক ৬৯ শতাংশ ছিল।
গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ১ হাজার ৪৬৯ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, যা দিনের মোট আক্রান্তের ৭০ শতাংশ।
গত এক দিনে মারা যাওয়া ৩৫ জনের মধ্যে ১৫ জনই ছিলেন ঢাকা বিভাগের। চট্টগ্রাম বিভাগে ৮ জনের মৃত্যু হয়েছে।
সরকারি হিসাবে, দেশে কোভিড আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৭৩৫ জন সুস্থ হয়েছেন । এ নিয়ে মোট ১৪ লাখ ৮৬ হাজার ৬৬৮ জন সেরে উঠলেন।