কোভিড-১৯: এক সপ্তাহে মৃত্যু কমলেও শনাক্ত রোগী বেড়েছে ২৩ শতাংশ
Monday, 27 December 2021
দেশে গত এক সপ্তাহে কোভিডে মৃত্যু কমলেও শনাক্ত রোগীর সংখ্যা আগের সপ্তাহের তুলনায় বেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৩৭৩ জন নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে; মৃত্যু হয়েছে আরও ১ জনের। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
গত এক সপ্তাহে দেশে মোট ২ হাজার ১৭০ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, যা আগের সপ্তাহে ছিল ১ হাজার ৭৫৮ জন। অর্থাৎ, এক সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ২৩ দশমিক ৪ শতাংশ।
আর গত সাত দিনে মারা গেছেন আরও ১২ জন, আগের সপ্তাহে কোভিডে মৃত্যুর সংখ্যা ছিল ২০ জন। অর্থাৎ, এক সপ্তাহে কোভিডে মৃত্যুর সংখ্যা ৪০ শতাংশ কমেছে।
এই ১২ জনের মধ্যে ৭ জনেরই কোনো না কোনো ধরনের দুরারোগ্য অসংক্রামক ব্যাধি বা কোমরবিডিটি ছিল। তাদের সবাই উচ্চ রক্তচাপে এবং ৭১ দশমিক ৪ শতাংশ ডায়াবেটিসে ভুগছিলেন।
রোববার সকাল পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় ২৬৮ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, মৃত্যু হয়েছিল ৪ জনের। সোমবার মৃত্যু কমলেও শনাক্ত রোগী বেড়েছে।
নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে হল ১৫ লাখ ৮৩ হাজার ৬২৬ জন। তাদের মধ্যে ২৮ হাজার ৬১ জনের মৃত্যু হয়েছে।
সরকারি হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ৩২৩ জন রোগী। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৪৭ হাজার ৭৫০ জন সুস্থ হলেন।
গত একদিনে যারা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ৩১১ জনই ঢাকা জেলার বাসিন্দা, যা দিনের মোট শনাক্তের ৮৩ শতাংশের বেশি। গত ২৪ ঘণ্টায় সারাদেশের ৪০টি জেলায় কেউ করোনাভাইরাস আক্রান্ত হননি।
পঞ্চাশোর্ধ যে নারী মারা গেছেন, তিনি ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোমবার দৈনিক শনাক্তের হার আবার দুই শতাংশের ওপরে উঠে গেছে। সোমবার নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ২ দশমিক ১৬ শতাংশ।
প্রায় দুই মাসের বেশি সময় পর গত শুক্রবার দৈনিক শনাক্তের হার দুই শতাংশের উপরে ওঠে। শুক্রবার শনাক্তের হার ছিল ২ দশমিক ০২ শতাংশ; শনিবার ২ দশমিক ০১ শতাংশ্ রোববার তা কমে ১ দশমিক ৫৭ শতাংশ হলেও সোমবার আবার বেড়ে গেল।