logo

কুড়িগ্রাম থেকে ধান কাটতে যাচ্ছেন শ্রমিকরা

Saturday, 24 April 2021


লকডাউনের মধ্যে কাজের সুযোগ পেয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পথে ছুটছেন কুড়িগ্রামের কৃষিশ্রমিকরা।  খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

গত কয়েক দিনে জেলা থেকে ৮৪৯ জন শ্রমিক ছাড়পত্র নিয়েছেন বলে জানিয়েছে কৃষি বিভাগ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি মেনে বোরো ধান কাটতে যাওয়ার জন্য মাইকিং করে প্রচার চালানো হচ্ছে। প্রতিটি উপজেলায় ইউএনও, ওসি এবং কৃষি কর্মকর্তারা শ্রমিকদের বাছাই করছেন। তারা ছাড়পত্র দিচ্ছেন।

“গত কয়েক দিনে শনিবার পর্যন্ত কুড়িগ্রাম থেকে ৮৪৯ জন শ্রমিক দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কাজে গেছেন।”

লকডাউন চলাকালে নিয়ম মেনে শ্রমিক পাঠানো অব্যাহত থাকবে বলে জানান তিনি।

রওনা হওয়ার আগে কচাকাটা থানার শ্রমিক মনজু মিয়া  বলেন, “কাজকাম নাই। ঘরে বসে ছিলাম। সরকারি সহযোগিতায় কাজ করতে যেতে পারছি। এজন্য আমরা খুশি।

“সামনে ঈদ। এখন কাজ করে টাকা জমাতে পারলে পরিবারের মুখে হাসি ফোটাতে পারব।”

বাসের মালিক-শ্রমিকরাও সন্তোষ প্রকাশ করেছেন।

কুড়িগ্রামের কর্ণফুলি স্পেশাল পরিবহনের মালিক আল আমিন বলেন, লকডাউন থাকায় তারা ক্ষতির মুখে পড়েছেন। সরকারের পক্ষ থেকে বোরো ধান কাটতে স্বাস্থ্যবিধি মেনে শ্রমিক পাঠানোর ব্যবস্থায় খুশি মালিক-শ্রমিকরা।

সরকারি সিদ্ধান্ত মোতাবেক দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ধান কাটার জন্য কৃষিশ্রমিক পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন জানিয়েছেন।