কিভাবে নেবেন লেদার পণ্যের যত্ন
ইশতিয়াক খান কাব্য | Tuesday, 12 July 2022
বিভিন্ন কাপড়ের পণ্যে বাজার ভরপুর থাকলেও লেদার বা চামড়ার তৈরি বিভিন্ন জিনিসের চাহিদা এখনো কমেনি বরং আরো বেড়েছে। শখের পণ্যের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিস যেমন ব্যাগ, বেল্ট, ওয়ালেট, জুতো সবখানেই লেদার প্রোডাক্টের জয়জয়কার! লেদারের জিনিস মানেই দাম যেহেতু একটু বেশি, তাই দরকার হয় বিশেষ যত্নেরও।
শুকনো রাখতে হবে
লেদারের প্রোডাক্ট বারবার ভিজলে পঁচন ধরার সম্ভাবনা বেড়ে যায়। তাই বর্ষাকাল বা ভেজা মৌসুমে চামড়ার প্রোডাক্ট ব্যবহারে বিশেষ সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষত লেদারের জুতো জোড়াকে টেকসই রাখতে বর্ষাকালে অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারেন প্লাস্টিকের স্যু।
নারিকেল তেলের ব্যবহার
লেদারের জিনিস যদি কোনো কারণে ভিজেও যায় তাহলে ব্যবহার করা যেতে পারে নারিকেল তেল। ভালো করে শুকিয়ে নিয়ে নারিকেল তেল বা অলিভ ওয়েল দিয়ে একটু মুছে নিলেই পানিতে ভিজে পঁচন ধরা থেকে রক্ষা করতে পারেন আপনার পছন্দের লেদার স্যু, বেল্ট কিংবা ব্যাগটি।
নির্দিষ্ট বাক্সে রাখতে হবে
চামড়ার প্রোডাক্টের টেকসই ব্যবহার নিশ্চিত করতে একে রাখতে হবে নির্দিষ্ট বাক্সে। নিয়মিত ব্যবহার না করা হলে মাঝে মাঝে বা সপ্তাহ দুয়েক পর একে খোলা জায়গায় রাখলে প্রোডাক্টের আয়ুষ্কাল আরো বাড়িয়ে নেওয়া সম্ভব।
ইয়াম ব্যবহার
চামড়ার প্রোডাক্টের যত্নে ব্যবহার করা যেতে পারে এক ধরনের বিশেষ কেমিকেল যেটি বাজারে ‘ইয়াম’ নামে পরিচিত। আপনার লেদার প্রোডাক্টটি চকচকে রাখতে এক দুই সপ্তাহ পর পর তেলের পরিবর্তে ইয়াম ব্যবহার করে পরিষ্কার করে নিতে পারেন নিমিষেই। তবে বেশি ব্যবহারে রঙ উঠে যাওয়ার ঝুঁকি কিন্তু থেকেই যাবে!
ভাঁজ করা যাবে না
লেদার প্রোডাক্ট ভাঁজ করলে পড়ে যেতে পারে স্থায়ী দাগ। তাই চেষ্টা করতে হবে শখের চামড়ার ব্যাগ, বেল্ট কিংবা ওয়ালেটে ভাঁজ যেন না পড়ে। ভাঁজ পড়া এড়াতে লেদার ব্যাগটি ভরে রাখুন কাগজ কিংবা বাবল র্যাপ দিয়ে। এটি ব্যাগকে আকৃতি নষ্ট হওয়ার হাত থেকে যেমন বাঁচাবে তেমনি বাঁচাবে স্থায়ী দাঁগ পড়ার হাত থেকেও।
ভাঁজের দাগ পড়লে যেভাবে উঠাবেন
কোনো কারণে আপনার লেদারের জিনিসে ভাঁজের দাগ পড়ে গেলে মোটা কাপড় ভিজিয়ে ভাজের স্থানে রেখে তার উপর হালকা তাপে ইস্ত্রি করুন। এতে ভাঁজের দাগ উঠে যাবে। তবে রেক্সিনের প্রোডাক্ট হলে এই পদ্ধতিতে না যাওয়াই ভালো।
চামড়ার জুতোয় কালি ও ক্রিমের ব্যবহার
দীর্ঘদিন ব্যবহারের স্বার্থে চামড়ার জুতোয় নিয়মিত বিরতিতে ভালোভাবে পরিষ্কার করে কালি ও ক্রিম ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি জুতোর আয়ুষ্কার বাড়িয়ে দেবে।
ফাঙ্গাস থেকে রক্ষা করবেন যেভাবে
লেদার প্রোডাক্ট অনেকদিন অব্যবহৃত অবস্থায় রেখে দিলে উপর দিয়ে এক ধরনের সাদা প্রলেপ পড়ে, যা সাধারণত চামড়ার ফাঙ্গাস নামে পরিচিত। এটি দূর করতে প্রথমে ভেজা সূতি কাপড় দিয়ে পরিষ্কার করে শুকিয়ে ইয়াম ব্যবহার করতে পারেন, ইয়ামের বদলে হালকাভাবে নারিকেল তেল বা অলিভ ওয়েলও ব্যবহার করা যায়।
ঠান্ডা স্থানে রাখতে হবে
চামড়ার যেকোনো পণ্যই ঠান্ডা স্থানে ভালো থাকে। সাধারণত এয়ার কন্ডিশন্ড এরিয়ার ভেতর রাখলে চামড়ার পণ্যের টেকসই ব্যবহার নিশ্চিত করা যায়। তবে বাসায় এসি না থাকলে যথাসম্ভব ঠান্ডা স্থানে রাখার চেষ্টা করুন, এতে আপনার শখের প্রোডাক্টটি ভালো থাকবে।
ইশতিয়াক খান কাব্য, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিষয়ে অধ্যয়নরত।
ishtiakkhankabbo@gmail.com