logo

কিউবার রাজধানীতে বড় ধরনের বিস্ফোরণে নিহত ২২

এফই অনলাইন ডেস্ক | Saturday, 7 May 2022


কিউবার সবচেয়ে নামী একটি পাঁচ তারকা হোটেলে বড় ধরনের এক বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত ও ৭০ জন আহত হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

শুক্রবার দেশটির রাজধানী হাভানার কেন্দ্রস্থলে সারাতোগা হোটেল প্রাঙ্গণে এ বিস্ফোরণ ঘটে, এতে হোটেল ভবনের একটি অংশ কয়েক তলা পর্যন্ত ধসে পড়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী ও রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম।  

বিবিসি জানিয়েছে, হাভানার পুরনো অংশে হোটেলটির সামনে পার্ক করে রাখা একটি গ্যাস ট্যাঙ্কারে আগুন লাগার পর তা বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

করোনাভাইরাস মহামারীর কারণে বন্ধ থাকা হোটেলটি চার দিনের মধ্যে খোলার কথা ছিল। হোটেলটির বাইরের দিকের অধিকাংশ দেয়াল ধসে পড়ায় এটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া লোকজনকে খুঁজে বের করতে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। নিহতদের মধ্যে গর্ভবর্তী এক নারী ও একটি শিশু আছে বলে জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল জানান, গ্যাস লিক থেকে ঐতিহাসিক এ হোটেলে বিস্ফোরণটি ঘটেছে বলে মনে হচ্ছে।

হাভানার কালিক্সতো গার্তিয়া হাসপাতালে আহতদের দেখে বের হওয়ার সময় বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, “কোনোভাবেই এটা বোমা বা হামলার ঘটনা নয়। এটি শুধু খুব দুর্ভাগ্যজনক একটি দুর্ঘটনা।”

এই কালিক্সতো গার্তিয়া হাসপাতালে বহু আহতকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।