কিইভসহ ইউক্রেইনের চার শহরে অস্ত্রবিরতির ঘোষণা রাশিয়ার
এফই অনলাইন ডেস্ক | Monday, 7 March 2022
বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ দিতে ইউক্রেইনের রাজধানী কিইভসহ কয়েকটি শহরে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে (বাংলাদেশ সময় বেলা ১টা) এই অস্ত্রবিরতি কার্যকর হবে, যাতে কিইভ, খারকিভ, মারিওপোল ও সুমাই শহর থেকে বেসামরিক লোকজন নিরাপদে সরে যাওয়ার সুযোগ পায়।
এই শহরগুলোতে গত কয়েক দিন ধরে লাগাতার আক্রমণ চালিয়ে আসছে আগ্রাসী রুশ বাহিনী। সেখানে মানবিক সহায়তার কোরিডোর খোলার বিষয়ে ইউক্রেইনের তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রয়টার্স লিখেছে, বড় ধরনের বিপর্যয়ের মুখে থাকা এই শহরগুলোর পরিস্থিতি বিবেচনায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ব্যক্তিগত অনুরোধে রাশিয়া এসব শহরে অস্ত্রবিরতি কার্যকরের এই ঘোষণা দিয়েছে মস্কো।
গত কয়েক দিনের মধ্যে মারিওপোল শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য অস্ত্রবিরতি কার্যকর করার দুটি চেষ্টা ভেস্তে যায়। সেজন্য রাশিয়া ও ইউক্রেইন পরস্পরকে দায়ী করে আসছে।