logo

কারখানা খোলা রেখে লকডাউন বাড়ল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম | Thursday, 5 August 2021


করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে দেশে চলমান লকডাউনের সময়সীমা আরো পাঁচ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়, পূর্বের সকল বিধিনিষেধের অনুবৃত্তিক্রমে দুটি শর্ত যুক্ত করে ৫ অগাস্ট মধ্যরাত থেকে ১০ অগাস্ট রাত ১২টা পর্যন্ত বিধিনিষেধের সময়সীমা বর্ধিত করা হল।

শর্ত দুটি হল, শিল্প,  কল-কারখানা এই বিধিনিষেধের আওতায় পড়বে না। আর স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে। 

করোনাভাইরাস মহামারীর দেড় বছরে এখনই সবচেয়ে ভয়াবহ অবস্থা পার করছে বাংলাদেশে। ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ডের পর রেকর্ড হচ্ছে।

পরিস্থিতি সামাল দিতে গত ১ জুলাই দেশে লকডাউন জারি করা হলেও বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে কোরবানির ঈদের সময় নয় দিন তা শিথিল করা হয়েছিল।

ঈদের ছুটির পর ২৩ জুলাই থেকে আবার লকডাউন শুরু হলেও এর মধ্যে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে।

সরকার আগে ঘোষণা দিয়েছিল, ৫ অগাস্ট পর্যন্ত কঠোর লকডাউনে শিল্প কারখানা, সরকার-বেসরকারি প্রতিষ্ঠানসহ সব ধরনের অফিস আদালত বন্ধ থাকবে।

ঈদের পর এবারের লকডাউন ‘কোনোভাবে শিথিল করা হবে না’ বলে সরকারের তরফ থেকে বারবার বলা হলেও শিল্প কারখানা মালিকদের অনুরোধে সাড়া দিয়ে ১ অগাস্ট থেকে রপ্তানিমুখী কারখানা খুলে দেওয়া হয়।

এদিকে দিন যত যাচ্ছে, রাস্তাঘাটে মানুষও তত বাড়ছে, জীবিকার তাগিদে মানুষও আর বিধিনিষেধ মানতে চাইছে না।