logo

কাবুল বিমানবন্দরে পাঁচ দিনে নিহত ১২, তালেবানের তথ্য

Thursday, 19 August 2021


কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশে রোববার থেকে এ পর্যন্ত মোট ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন এক তালেবান কর্মকর্তা।

বেনামে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানান, গুলিতে ও ভিড়ের চাপে পিষ্ট হয়ে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।

বিমানবন্দরের প্রবেশপথে ভিড় করে থাকা জনতাকে তাদের কাছে ভ্রমণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে বাড়িতে চলে যাওয়ার আহ্বান জানান এ কর্মকর্তা।

তালেবান বিমানবন্দরে থাকা লোকজনের কাউকে ‘আঘাত করতে চায় না’ বলেও জানিয়েছেন তিনি।

এই মূহুর্তে আফগানিস্তান ছাড়ার একমাত্র পথ কাবুল বিমানবন্দরে ও এর আশপাশে দেশ ছাড়তে ইচ্ছুক হাজার হাজার লোক অবস্থান করছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এতে সেখানে বিশৃঙ্খলা ঘটছে বলে খবর পাওয়া যাচ্ছে।

বিবিসি জানিয়েছে, কাবুল বিমানবন্দর এখনও যুক্তরাষ্ট্রের বাহিনীর নিয়ন্ত্রণে আছে কিন্তু এর আশপাশের সড়কগুলোতে পাহারা দিচ্ছে সশস্ত্র তালেবান সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গোষ্ঠীটির এসব সশস্ত্র পাহারাদাররা লোকজনকে বিমানবন্দরের ভেতরে প্রবেশে বাধা দিচ্ছে, এমনকি যাদের বৈধ কাগজপত্র আছে তাদেরও ঢুকতে দিচ্ছে না। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।