logo

কলাবাগানের বাসায় নারী চিকিৎসকের লাশ

Monday, 31 May 2021


রাজধানীর কলাবাগানে ধোঁয়া দেখে ঘরের দরজা ভেঙে এক নারী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যার শরীরে ‘আঘাত ও পুড়ে যাওয়ার চিহ্ন’ছিল বলে জানিয়েছে পুলিশ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

সোমবার দুপুরে কলাবাগান প্রথম লেইনের একটি বাড়ির চারতলার ফ্ল্যাট থেকে সাবিরা রহমান লিপি নামে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। ৪১ বছর বয়সী লিপি গ্রীন লাইফ হাসপাতালে কাজ করতেন।

ঢাকা মহানগর পুলিশের কলাবাগান জোনের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, “তার গলায় ও কোমরে গুরুতর জখম আছে। বিছানার জাজিম পোড়ানো দেখা গেছে এবং শরীরেও পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে।”

তিনি জানান, কলাবাগানের এই ফ্ল্যাট ভাড়া নিয়ে দুইজনকে সাবলেট দিয়েছিলেন লিপি। সকাল সাড়ে ৬টার দিকে তার কক্ষের বাইরে থেকে ধোঁয়া দেখেন সাবলেট থাকা এক নারী। পরে তিনি ভবনের দারোয়ানসহ কয়েকজনকে এনে দরজা ভেঙে ভেতরে যান।

“তারা ঢুকে দেখতে পান, লিপি বিছানায় পড়ে আছেন এবং ঘরে ধোঁয়া। পরে ফায়ার ব্রিগেড এসে পানি ছিটিয়ে চলে যায়। পুলিশ বেলা ১২টার দিকে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।”

লিপির প্রথম স্বামী একজন চিকিৎসক ছিলেন। ২০০৩ সালে দুর্ঘটনায় তার মৃত্যুর পর ২০০৫ সালে একজন ব্যাংকারকে বিয়ে করেন লিপি। দুই সংসারে তার দুই সন্তান রয়েছে।

বর্তমান স্বামীর সাথে মনোমালিন্য হওয়ায় ডা. সাবরিনা আলাদা থাকতেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।