logo

করোনার নতুন সংক্রমণ, মৃত্যুর সংখ্যা কমে আসতে শুরু করেছে

Friday, 30 April 2021


করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কঠিন সময়টা পার করে নতুন সংক্রমণের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও কমে আসতে শুরু করেছে; তিন সপ্তাহ পর দেশে এক দিনে ষাট জনের কম মৃত্যুর খবর দিয়েছে সরকার। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত এক দিনে আরও ৫৭ জনের মৃত্যু হয়েছে; সংক্রমণ ধরা পড়েছে আরও ২ হাজার ১৭৭ জনের মধ্যে, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এর আগে এরচেয়ে কম মৃত্যুর খবর এসেছিল গত ৫ এপ্রিল; সেদিন ৫২ জনের মৃত্যুর তথ্য জানয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর গত ২৫ দিনে কখনো তা ষাটের নিচে নামেনি।

এপ্রিলের তৃতীয় সপ্তাহে টানা চার দিন মৃত্যুর সংখ্যা ছিল একশর ওপরে; সে সময় ১৯ এপ্রিল দেশে রেকর্ড ১১২ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। 

শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৭ জনের মৃত্যু হওয়ায় দেশে করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা ১১ হাজার ৪৫০ জনে পৌঁছেছে।

আর নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৫৯ হাজার ১৩২ জন হয়েছে।

সরকারি হিসাবে আক্রান্তদের মধ্যে আরও ৪ হাজার ৩২৫ জন গত এক দিনে সেরে উঠেছেন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৬ লাখ ৮১ হাজার ৪২৬ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা সাড়ে সাত লাখ পেরিয়ে যায় গত ২৭ এপ্রিল। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ২৫ এপ্রিল তা ১১ হাজার ছাড়িয়ে যায়।