logo

করোনায় আরও ৫১ জনের মৃত্যু

এফই ডেস্ক | Thursday, 16 September 2021


দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে একদিনে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে, সংক্রমণ ধরা পড়েছে আরও ১ হাজার ৮৬২ জনের মধ্যে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৮ হাজার ২০৩ জনে। আর তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ১০৯ জনের।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৯০১ জন নতুন রোগী শনাক্ত এবং ৫১ জনের মৃত্যুর খবর দিয়েছিল। সে হিসেবে গত এক দিনে শনাক্ত রোগী কমলেও মৃত্যু অপরিবর্তিত রয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

গত এক দিনে সারা দেশে সাড়ে ৩১ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে হয়েছে ৫ দশমিক ৯৮ শতাংশ, যা আগের দিন ৬ দশমিক ৬৪ শতাংশ ছিল।

গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ১ হাজার ১৩৫ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে যা দিনের মোট আক্রান্তের দুই তৃতীয়াংশের বেশি।

যে ৫১ জন গত এক দিনে মারা গেছেন, তাদের ২৯ জনই ছিলেন ঢাকা বিভাগের। চট্টগ্রাম বিভাগে ৮ জনের মৃত্যু হয়েছে।

সরকারি হিসাবে, দেশে কোভিড আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৫৪৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১৪ লাখ ৯৪ হাজার ৯০ জন সেরে উঠলেন।