logo

করোনাভাইরাস: মৃত্যুহীন দিন পার করার পরদিনই সাতজনের মৃত্যুর খবর

Sunday, 21 November 2021


করোনাভাইরাস মহামারীতে প্রায় ২০ মাস পর মৃত্যুহীন একটি দিন পার করার পরদিনই আরও সাতজনের মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার সকাল পর্যন্ত মারা যাওয়া এই সাতজনকে নিয়ে দেশে কোভিডে মৃত্যুর মোট সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৯৫৩ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৯৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। তাতে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ১৫ লাখ ৭৪ হাজার ৮৮ জন হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সরকারের হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন আরও ১৯২ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৩৮ হাজার ১৯৮ জন সুস্থ হয়ে উঠলেন।

এই হিসাব অনুযায়ী, দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৯৩৭ জন। অর্থাৎ, জানা হিসেবে এই সংখ্যক মানুষ এখন করোনাভাইরাস সংক্রমিত অবস্থায় রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ১৫৪ জনই ঢাকা বিভাগের যা দিনের মোট শনাক্তের তিন চতুর্থাংশ। দেশের ৩৯টি জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

যারা মারা গেছেন তাদের মধ্যে ৫ জনই ঢাকা বিভাগের, আর ১ জন চট্টগ্রাম বিভাগের, ১ জন খুলনা বিভাগের বাসিন্দা ছিলেন। বাকি পাঁচ বিভাগে কোভিডে কারও মৃত্যু হয়নি গত এক দিনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ১৭ হাজার ১৩৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ৭ লাখ ২৩ হাজার ৭৯৭টি নমুনা।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১ দশমিক ১৬ শতাংশ, যা আগেরদিন ১ দশমিক ১৮ শতাংশ ছিল।

এ পর্যন্ত নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৪ দশমিক ৬৮ শতাংশ। শনাক্ত অনুযায়ী মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের ১ জন নারী, বাকিরা পুরুষ। তাদের ৪ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ২ জনের বয়স ছিল ৪১ থেকে ৬০ বছরের মধ্যে। আর ১ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল।

তাদের ৬ জন সরকারি হাসপাতালে এবং একজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।