করোনা শনাক্ত কমে দেড় হাজারের ঘরে, মৃত্যু ১৬
এফই অনলাইন ডেস্ক | Tuesday, 22 February 2022
করোনাভাইরাসের সংক্রমণ কমার ধারায় দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা নেমে এসেছে দেড় হাজারের ঘরে, পাশাপাশি শনাক্তের হারও আগের দিনের চেয়ে কিছুটা কমেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৩ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৫৯৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ১৬ জনের।
আগের দিন সোমবার ১ হাজার ৯৫১ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, মৃত্যুর খবর এসেছিল ৯ জনের। সেই হিসেবে শনাক্ত রোগী কমলেও মৃত্যু কিছুটা বেড়েছে গত এক দিনে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
মঙ্গলবার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে ৬ দশমিক ৭৭ শতাংশ হয়েছে। সোমবার এই হার ৬ দশমিক ৯৪ শতাংশ ছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৩৬ হাজার ৮৩৭ জন। তাদের মধ্যে ২৮ হাজার ৯৯০ জনের মৃত্যু হয়েছে এ ভাইরাসে।
সরকারি হিসাবে এই সময়ে সেরে উঠেছেন ৮ হাজার ৩৫৭ জন। তাদের নিয়ে এই পর্যন্ত ১৭ লাখ ৭১ হাজার ৬১৫ জন সুস্থ হয়ে উঠলেন।