কপিরাইট লঙ্ঘন: টপ গানের বিরুদ্ধে মামলা
Wednesday, 8 June 2022
সদ্য মুক্তি পাওয়া হলিউডি সিনেমা ‘টপ গান: ম্যাভরিক’ নিয়ে এর প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্সের বিরুদ্ধে কপিরাইট ভঙ্গের মামলা হয়েছে।
একজন ইসরায়েলি লেখকের পরিবার এই মামলায় অভিযোগ করেছে, ওই লেখকের কাহিনীর উপর ভিত্তি করে এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে, অথচ তা স্বীকার করা হয়নি।
গত মাসের শেষ সপ্তাহে মুক্তি পায় টম ক্রুজের সাড়া জাগানো সিনেমা ‘টপ গান’ (১৯৮৬) সিনেমাটির দ্বিতীয় কিস্তি ‘টপ গান: ম্যাভেরিক’।
সোমবার বিবিসি জানায়, ইসরায়েলি লেখক এহুদ ইয়োনাইয়ের পরিবার দাবি করেছে, নতুন সিনেমাটি মুক্তি দেওয়ার সময় ১৯৮৩ সালে প্রকাশিত এহুদ ইয়োনাইয়ের ‘টপ গানস’ গল্পের স্বত্ব ছিল না প্যারামাউন্টের কাছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
তবে প্যারামাউন্ট বলছে, এই দাবির কোনো ভিত্তি নেই এবং তারা আইনি লড়াই চালিয়ে যাবে।
মুক্তির প্রথম ১০ দিনেই ৫৪ কোটি ৮০ লাখ ডলার আয় করেছে ‘টপ গান: ম্যাভেরিক’।
টম ক্রুজ ও ভ্যাল কিলমার অভিনীত যুদ্ধ ও প্রেমের ছবি ‘টপ গান’ মুক্তি পায় ১৯৮৬ সালে; মুক্তির পরপরই আলোড়ন তোলে সিনেমাটি।
তার ৩০ বছর পরের ঘটনা নিয়ে সাজানো হয়েছে ‘টপ গান: ম্যাভেরিক’। এবারের ছবিতেও নৌবাহিনীর বৈমানিক পিট ম্যাভেরিক মিচেল চরিত্রে অভিনয় করেছেন টম ক্রুজ। নতুন ছবিতে তাকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর স্ট্রাইক ফাইটার ট্যাকটিকস প্রশিক্ষণ প্রকল্পে কাজ করতে দেখা যাবে।
চলচ্চিত্র সমালোচকদের মতে, আশির দশকে টম ক্রুজের ক্যারিয়ারকে প্রথম তুঙ্গে নিয়ে গিয়েছিল অ্যাকশন ধারার ছবি ‘টপ গান’। প্রয়াত টনি স্কট পরিচালিত হলিউডি এই ছবিটি মুক্তির পরের বছর সেরা গানের অস্কার পুরস্কারটি বগলদাবা করেছিল ছবির ‘টেক মাই ব্রিথ অ্যাওয়ে’ গানটি।
বিবিসি জানায়, সোমবার লস এঞ্জেলেসের ফেডারেল কোর্টে প্যারামাউন্টের বিরুদ্ধে এই মামলা করেন এহুদের বিধবা স্ত্রী শোষ ও তার ছেলে ইউভাল। মামলায় তারা প্যারামাউনটের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে, যার মধ্যে এই চলচ্চিত্র থেকে পাওয়া মুনাফার ভাগও চাওয়া হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, এহুদ ছাড়া টপ গান সিনেমা ধারাবাহিকের অস্তিত্বই থাকে না।
সেখানে আরও অভিযোগ করা হয়, ২০১৮ সালেই এহুদ ইওনাইস প্যারামাউন্টকে মনে করিয়ে দিয়েছিলেন যে দুই বছর পরই তাদের কাছে থাকা এহুদের নিবন্ধের স্বত্বের মেয়াদ শেষ হতে চলেছে।
পরে ২০২০ সালে ওই স্বত্বের মেয়াদ শেষ হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
লস এঞ্জেলেসভিত্তিক বিনোদন বিষয়ক আইনজীবী মিত্রা আহৌরাইয়ান বিবিসিকে বলেন, ২০১৮ সালে প্যারামাউন্ট ‘টপ গান: ম্যাভরিক’ নির্মাণ ও ২০১৯ সালে তা মুক্তির পরিকল্পনা জানায়। কিন্তু কোভিড-১৯ এর কারণে তা পিছিয়ে যায়। তাই এই মামলায় ‘সময়’ খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।