কঠোর লকডাউনের আগে ১২ এপ্রিল শেষ হচ্ছে একুশে বইমেলা
Saturday, 10 April 2021
করোনাভাইরাস মহামারী গুরুতর পরিস্থিতির মধ্যে নতুন করে ‘কঠোর লকডাউন’ শুরুর আগে ১২ এপ্রিল অমর একুশে বইমেলা শেষ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদকে উদ্ধৃত করে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান শনিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এতথ্য জানান।
তিনি বলেন, “উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় পূর্ণ লকডাউন শুরুর আগেই ১২ এপ্রিল বইমেলা শেষ হচ্ছে।
“মন্ত্রী ঢাকার বাইরে আছেন। তিনি আমাকে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিতে বলেছেন।”
এবিষয়ে বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বইমেলা ১৪ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। পরিস্থিতি বিবেচনায় সরকার ১২ এপ্রিল শেষ করা সিদ্ধান্ত নিয়েছে।
“তবে লিখিতভাবে আমি কোনো নির্দেশনা পাইনি। ওটা পেলে আমরা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেব।”
প্রতিবছর পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে একুশে বইমেলা হয়ে এলেও এবার মহামারীর কারণে তা পিছিয়ে গত ১৮ মার্চ থেকে শুরু হয়েছে।
এবারের বিলম্বিত বইমেলা আগামী ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণের দিন পর্যন্ত চলার কথা ছিল।
এরই মধ্যে সংক্রমণের হার বেড়ে যাওয়ায় বেশ কয়েকবার মেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়।
দেশে করোনাভাইরাস সংক্রমণ ভয়াবহ রূপ নেওয়ায় এবং জনগণের অবহেলা ও উদাসীনতার কারণে সরকার ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের ‘সর্বাত্মক লকডাউন’ দেওয়ার পরিকল্পনা করছে।