logo

ওড়াকান্দিতে গিয়ে নির্বাচনী বিধিভঙ্গ করেছেন মোদী, অভিযোগ মমতার

Saturday, 27 March 2021


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে এসে গোপালগঞ্জের ওড়াকান্দি মতুয়া ঠাকুরবাড়িতে যাওয়ায় তাঁর কঠোর সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলাদেশে একটি বিশেষ শ্রেণির মানুষের জন্য মোদী ভোট চাইতে গিয়েছেন- এ অভিযোগ করে নির্বাচনী বিধিভঙ্গ করায় মোদীর ভিসা বাতিল হবে না কেন, সেই প্রশ্নও তুলেছেন তৃণমূল নেত্রী।

শনিবার পশ্চিমবঙ্গের সাংসদ শান্তনু ঠাকুরকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জের ওড়াকান্দিতে মোদী যখন মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করছিলেন, তখন পশ্চিম মেদিনীপুরের সভা থেকে মোদীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গ করার অভিযোগ তুলেছেন মমতা, খবর আনন্দবাজার পত্রিকার।

মমতা বলেন, “বাংলায় ভোটের সময় আপনি বাংলাদেশে কেন? আপনি যদি ভোট চলাকালীন বাংলাদেশে একটি বিশেষ শ্রেণির মানুষের জন্য ভোট চাইতে যান, তাহলে আপনার ভিসা-পাসপোর্ট কেন বাতিল হবে না? আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করব। কখনও বলছে বাংলাদেশ থেকে মমতা সব অনুপ্রবেশ করিয়েছে, আবার কখনও বাংলাদেশে গিয়ে মার্কেটিং করছে। কে ঠিক আর কে ভুল, তার জবাব চাই। নইলে যতদূর যাওয়ার আমরা যাব।”

এই প্রসঙ্গে বাংলাদেশের অভিনেতা ফেরদৌস আহমেদের ভিসা বাতিলের প্রসঙ্গও টেনে আনেন মমতা।

তিনি বলেন, ‘‘ফেরদৌস নামে এক বাংলাদেশি ফিল্মস্টার এসেছিল। ২০১৯ লোকসভায় আমাদের একটা র‌্যালিতে যোগ দিয়েছিল। বিজেপি এসে সরকারের সঙ্গে কথা বলে ওর ভিসা বাতিল করে দিল। আর প্রধানমন্ত্রী ভোট নোটিফিকেশন হওয়ার পরে বিদেশে গিয়ে ভোট নিয়ে কথা বললে কী হয়? আপনার জন্য সব ছাড়। আর অন্যদের জন্য নয়।”

শুধু বাংলাদেশে যাওয়া নয়, আমেরিকার নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ‘হাউডি মোদী’ অনুষ্ঠান নিয়েও মোদীর সমালোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

মমতার এই অভিযোগের প্রসঙ্গে পশ্চিমবঙ্গ বিজেপি’র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘‘এ সব অবান্তর কথা। ওঁর সব কথার জবাব দেওয়ার কোনও মানে হয় না।”