logo

ওসমানী বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ 

এফই অনলাইন ডেস্ক   | Friday, 17 June 2022


ভয়াবহ বন্যার মধ্যে রানওয়ের কাছে বন্যার আসার পর সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 

বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, শুক্রবার থেকে তিন দিন এই বিমানবন্দরে কোনো ফ্লাইট ওঠানামা করবে না। 

তিনি জানান, বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি বন্যার পানি চলে এসেছে। এছাড়া সিলেটজুড়ে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় তিন দিনের জন্য বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। 

সার্বিক পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।  

বৃষ্টি আর উজানের ঢলে সিলেটের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার পেয়েছে। নগরীসহ পাঁচ উপজেলার প্রায় পাঁচ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। আড়াইশয়ের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ করে দেওয়া হয়েছে; বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।  

কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার বেশিরভাগ এলাকাই পানিতে তলিয়ে গেছে। জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলারও বিস্তীর্ণ এলাকা প্লাবিত। পানি বাড়ছে সিলেট সদর, দক্ষিণ সুরমা, জকিগঞ্জ ও বিশ্বনাথ উপজেলায়। নগরীর অনেক এলাকা এখন পানির নিচে।