logo

এমবিবিএস ভর্তি পরীক্ষায় চমক দেখালেন অটোরিকশাচালকের জমজ দুই ছেলে

বাসস | Tuesday, 6 April 2021


এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কুমিল্লা জেলার অটোরিকশাচালক বাবার জমজ দুই ছেলে ছেলে আরিফুল ইসলাম ও শরিফুল ইসলাম।

ভর্তি পরীক্ষায় আরিফ দেশের মধ্যে ৮২২তম হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে আর শরিফ ১১৮৬তম হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

মেধাবী এ দুই ভাইয়ের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার মানরা গ্রামে। তাদের বাবার নাম বিল্লাল হোসেন। পেশায় তিনি সিএনজিচালিত অটোরিকশাচালক।

আরিফ ও শরিফ জানান তারা চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চান। বাবা-মায়ের পরিশ্রম আর শিক্ষকদের সহযোগিতা তাদের লেখাপড়ার সাহস যুগিয়েছে। তারা সবার দোয়া প্রার্থী। তাদের এমন সফলতায় মা-বাবাও ভীষণ খুশি।

এ সংবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন আরিফ ও শরীফ। পাড়া-প্রতিবেশি, আত্মীয়-স্বজনসহ জেলা ও উপজেলার চিকিৎসক অনেকেই তাদের অভিনন্দন জানাতে অনেকে ছুটে গিয়েছেন বাড়িতে।

জানা গেছে, ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উপজেলার মান্দারগাঁও উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পায় আরিফ ও শরিফ। এলাকাবাসীর সহযোগিতায় উচ্চ মাধ্যমিকে ভর্তি হয় কুমিল্লা সরকারি সিটি কলেজে। সেখান থেকেও তারা এইচএসসিতে জিপিএ-৫ পায়। তাদের বাকি দুই ভাই-বোনের মধ্যে সাইফুল ইসলাম মাদরাসায় এবং আমেনা আক্তার প্রাইমারি স্কুলে পড়ে।

তাদের বাবা বিল্লাল হোসেন জানান, তিনি সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে কষ্ট করে এ পর্যন্ত ছেলেদের এগিয়ে যেতে সহায়তা করছেন। তবে এখন ছেলেদের ভর্তিসহ লেখা-পড়ার খরচ নিয়ে তিনি চিন্তায় রয়েছেন বলে জানিয়েছেন।