একে একে রাশিয়া ছাড়ছে মার্কিন গণমাধ্যমগুলো
এফই অনলাইন ডেস্ক | Saturday, 5 March 2022
রাশিয়ায় পাস হওয়া নতুন এক আইনের পর দেশটিতে কার্যক্রম বন্ধ রাখা পশ্চিমা গণমাধ্যমের সারি দীর্ঘ হচ্ছে।
বিবিসির মার্কিন সম্প্রচারমাধ্যম অংশীদার সিবিএস নিউজ এবং এবিসি নিউজও এ তালিকায় যুক্ত হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
ভ্লাদিমির পুতিন স্বাক্ষরিত নতুন ওই আইনে ইউক্রেইন যুদ্ধ নিয়ে ‘ভুয়া খবর’ ছড়ানোর দায়ে দোষী সাব্যস্তদের সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে।
বিবিসি বলছে, আইনটি ‘কার্যত’ রাশিয়ায় স্বাধীন সাংবাদিকতার পথ বন্ধ করে দেবে; দেশটিতে সংবাদমাধ্যমগুলোকে ইউক্রেইনের চলমান সংঘাতকে ‘যুদ্ধ’ হিসেবে উল্লেখ করারও অনুমতি দেওয়া হয় না।
সিবিএসের এক মুখপাত্র রাশিয়ায় সম্প্রচার বন্ধের কথা জানিয়ে বলেছেন, “নতুন গণমাধ্যম আইনের পর সেখানে থাকা আমাদের দলের জন্য পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখছি আমরা।”