logo

একটা ‘ইনোসেন্ট কনভারসেশন’কে পুঁজি করা হচ্ছে: আইনমন্ত্রী

Sunday, 13 February 2022


প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে নিজের একটি ‘ফোনালাপ ফাঁস হওয়ার’ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘একটা ইনোসেন্ট কনভারসেশনকে পুঁজি করার চেষ্টা করা হচ্ছে’।

রোববার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন বলে আইন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সম্প্রতি সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হকের কথিত টেলিফোন আলাপের একটি অডিও ছড়িয়ে পড়ে।

একটি প্রকল্পে কাজ পাওয়া নিয়ে তাতে দুইজনের কথা-বার্তা শুনতে পাওয়া যায়। তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই অডিওর সত্যতা যাচাই করতে পারেনি।

আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,বাংলাদেশ বার কাউন্সিলের নেতাদের কাছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া ২০ কোটি টাকার প্রণোদনা চেক হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকরা ওই অডিও নিয়ে প্রশ্ন করেন।

জবাবে আইনমন্ত্রী বলেন, “যারা এই অডিও নিয়ে সোশাল মিডিয়াতে প্রচার করছে, তারা এতই দেউলিয়া যে, একটা ইনোসেন্ট কনভারসেশনকে তারা এখন তাদের পুঁজি বানানোর চেষ্টা করছে।

“তার মানে হচ্ছে, তাদের কাছে কোনো হাতিয়ার নেই। আমার মনে হয়, এটা অবশ্যই তদন্ত করা হবে এবং এটাকে গুরুত্ব দেওয়া আমার মনে হয় সঠিক হবে না।”

আনিসুল হক বলেন, “আইনজীবীদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ কালে আইনজীবীদের দূরাবস্থার কথা বিবেচনা করে তার ত্রাণ তহবিল থেকে ২০ কোটি টাকা মঞ্জুর করেছেন।”

অনুষ্ঠানে চেক গ্রহণ করেন বাংলাদশে বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন।

এসময় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সৈয়দ রেজাউর রহমান, মোখলেছুর রহমান বাদল উপস্থিত ছিলেন।